সাদারীপুরের কালকিনিতে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ মে) উপজেলা পরিষদ সভা কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
কালকিনি উপজেলা প্রশাসন এর আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন এর সভাপতিত্বে ও কালকিনি ও ডাসার উপজেলার গ্রাম আদালতের কো-অর্ডিনেটর নাসির উদ্দীন লিটনের সঞ্চালন উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস (ওসি তদন্ত) , কালকিনি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমান ও কালকিনি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুল আলমসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এবং স্থানীয় বিরোধ সহজে নিষ্পত্তিতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন।
“স্বল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। কর্মশালায় স্থানীয় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।