কাবুলে দুটি বিস্ফোরণে সাংবাদিকসহ নিহত ৪

নিউজ ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার সকালে দুটি বিস্ফোরণে একজন সাংবাদিকসহ কমপক্ষে চারজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। খবর এবিসি নিউজের।

কাবুল অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান মোহাম্মদ আসিম জানিয়েছেন, প্রথম বিস্ফোরণে তিনজন নিহত হন। আহত হন আরও ছয়জন।

প্রথম বিস্ফোরণের পর আরও একটি বিস্ফোরণ ঘটে। পুলিশ কর্মকর্তা জান আঘা বলেছেন, দ্বিতীয় বিস্ফোরণে সাংবাদিক নিহত হয়েছেন। এসময় আরও দুইজন পুলিশ কর্মকর্তা আহত হন।

কাবুল পুলিশের প্রধান দাউদ আমিন বলেছেন, যে এলাকা লক্ষ্য করে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে সেখানে বিদেশি বিভিন্ন অফিস অবস্থিত।

ওয়াজির আকবর খান হাসপাতালের পরিচালক মোহাম্মদ মুসা জহির জানিয়েছেন, ওই বিস্ফোরণে আহত বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ওই দুটি বিস্ফোরণের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

এর আগে রোববার দেশটির নানগরহার প্রদেশের সরখরদ জেলায় মর্টার বিস্ফোরণে দুই শিশুসহ তিনজন নিহত হয়। আহত হয় আরও আটজন। ওই শিশুরা একটি অবিস্ফোরিত মর্টার নিয়ে খেলার সময় এই বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।