করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আবার ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে সৌদি আরব। আর এতে আটকে গেছেন লাখো প্রবাসী কর্মী।
যুক্তরাজ্যে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক বন্ধ ঘোষণা করেছে দেশটির জেনারেল অথরিটি ফর সিভিল এভিয়েশন (জিএসিএ)। আপাতত এক সপ্তাহের জন্য দেশটিতে বিমান চলাচলে এই নিষেধাজ্ঞা দেওয়া হলেও এই সময়সীমা আরো বাড়ানো হতে পারে।
ফলে সোমবার থেকে জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটির কারাগারে আটকে থাকা বাংলাদেশি কর্মীসহ দেশে ফিরতে চাওয়া কর্মীরা আটকে গেছেন। চরম সংকটে পড়েছেন দেশে এসে আটকে পড়ারা। এ ছাড়া নতুন করে যাঁরা দেশটিতে যাওয়ার জন্য টিকিট কেটে সব প্রস্তুতি নিয়েছিলেন, এখন তাঁদের বিদেশযাত্রা চরম অনিশ্চয়তায় পড়ল। সৌদির নিষেধাজ্ঞা দীর্ঘায়িত হলে প্রায় ৪০ হাজার নতুন ভিসা বাতিল হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
চাকরি বাঁচাতে রাজধানীতে সড়ক অবরোধ-বিক্ষোভে নেমেছিলেন সৌদিপ্রবাসীরা। দেশে এসে করোনায় আটকে পড়া এসব কর্মীর একটি অংশ গত দুই মাসে যেতে পারলেও পুনরায় ফ্লাইট বন্ধে নতুন সংকট তৈরি হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন এক ভিডিও বার্তায় বলেন, ‘২১ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য সৌদি আরব সকল আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট বন্ধ করে দিয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, গত ১ এপ্রিল থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতারসহ ২৮টি বৈদেশিক শ্রমবাজার থেকে ফিরে এসেছেন তিন লাখ ২৬ হাজার ৭৫৮ জন প্রবাসী। তাঁদের মধ্যে দুই লাখ ৮৭ হাজার ৪৮৪ জন পুরুষ ও ৩৯ হাজার ২৭৪ জন নারী।
জানা গেছে, গত ৩০ নভেম্বর পর্যন্ত কারাভোগ শেষে আউটপাস নিয়ে সবচেয়ে বেশি প্রবাসী কর্মী ফেরত এসেছেন সৌদি আরব থেকে। গত আট মাসে দেশটি থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন ১৭ হাজার ৩১৬ জন নারী কর্মীসহ মোট ৯৬ হাজার ৬৮৭ জন প্রবাসী কর্মী। এর মধ্যে আউটপাস নিয়ে ফিরেছেন ১৩ হাজার ৪১৩ জন। অন্যদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন আট হাজার ৩৯৭ জন নারী কর্মীসহ মোট ৮৭ হাজার ৫২৫ জন প্রবাসী কর্মী। এর মধ্যে আউটপাস নিয়ে ফিরেছেন সাত হাজার ৮৪৬ জন।
সৌদি আরব থেকে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ফিরে আসা কর্মীরা বলেছেন, চুক্তির মেয়াদ শেষ হওয়া, প্রতারিত হওয়া এবং ভিসার মেয়াদ শেষ বা ইকামা (কাজের অনুমতি) না থাকাসহ বিভিন্ন কারণে তাঁদের আটক করে দেশে ফেরত পাঠানো হয়েছে। আর সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরে আসা কর্মীরা জানিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ না থাকায় চাকরিরত কর্মীদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, ‘সৌদি আরবে করোনা মহামারি শুরুর আগে ৭০ হাজার ভিসা প্রস্তুত ছিল। কিন্তু মহামারির কারণে এসব ভিসাধারী যেতে পারেননি। পরে এসব ভিসা নতুন করে নবায়ন করা হয় এবং কিছু কর্মী যাচ্ছিলেনও। নতুন করে ফ্লাইট বন্ধ হওয়ায় প্রায় ৪০ হাজার শ্রমিক বিপাকে পড়েছেন। ফ্লাইট দ্রুত চালু না হলেও এই ৪০ হাজার ভিসার মেয়াদ শেষ হয়ে যেতে পারে। এতে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে।’


