দি নিউজ ডেক্সঃ চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলেছে, এখন পর্যন্ত করোনাভাইরাসে দেশজুড়ে মারা গেছেন ১ হাজার ১১ জন এবং সংক্রমিত রোগীর সংখ্যা ৪২ হাজার।
করোনাভাইরাসের কেন্দ্রস্থল চীনের হুবেই প্রদেশ। প্রাদেশিক স্বাস্থ্য কমিশন জানায়, গতকাল হুবেই প্রদেশে করোনাভাইরাসে ১০৩ জন মারা যান। আর এদিন নতুন করে সংক্রমিত হন ২ হাজার ৯৭ জন। সংক্রমণের এই সংখ্যা আগের দিনের চেয়ে কম। আগের দিনের তুলনায় সংক্রমণের হার ২০ শতাংশ কমেছে।
চীনে করোনাভাইরাসে এক দিনে মৃত ব্যক্তির সংখ্যা আগের রেকর্ড ছাড়িয়ে গেছে। করোনাভাইরাসের সংক্রমণে গতকাল সোমবার মারা গেছেন ১০৩ জন। মৃত্যুর সংখ্যার বিবেচনায় এখন পর্যন্ত এটিই চীনের সবচেয়ে প্রাণঘাতী দিন। সব মিলিয়ে এই ভাইরাসের সংক্রমণে মৃত ব্যক্তির মোট সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল বেইজিংয়ের একটি হাসপাতাল পরিদর্শন করেছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝে তাঁর জনসম্মুখে আসা ও হাসপাতাল পরিদর্শনের ঘটনাকে বিরল হিসেবে বর্ণনা করা হচ্ছে। ডব্লিউএইচও বলছে, ২৮টি দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এসব দেশের রোগীর সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে।




