মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব নেতাদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়

মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব নেতাদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুররুল করিম খান-এর সঙ্গে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব–মালয়েশিয়ার নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে বাংলাদেশ হাইকমিশনের হলরুমে আয়োজিত এ সভায় প্রেস ক্লাবের প্রতিনিধিরা মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে সাংবাদিকদের ভূমিকা এবং প্রবাসীদের কল্যাণে গণমাধ্যমের দায়িত্ব নিয়েও মতবিনিময় হয়।

সভায় হাইকমিশনার মঞ্জুররুল করিম খান বলেন, মালয়েশিয়া থেকে বাংলাদেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও সংবেদনশীলতা বজায় রাখা জরুরি। তিনি বলেন, মালয়েশিয়া বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার দেশ। তাই এমন কোনো সংবাদ বা উপস্থাপনা করা উচিত নয়, যাতে দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা সাধারণ মানুষের অনুভূতিতে নেতিবাচক প্রভাব পড়ে।

তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্ক শুধু শ্রমবাজারের মধ্যেই সীমাবদ্ধ নয়; বাণিজ্য, শিক্ষা, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত হচ্ছে। এ কারণে সাংবাদিকদের সংবাদ পরিবেশনের সময় বৃহত্তর কূটনৈতিক স্বার্থের বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন।

হাইকমিশনার বিদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া সরকারের চালু করা সামাজিক সুরক্ষা ও বীমা সুবিধার আওতায় বাংলাদেশি কর্মীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথাও তিনি উল্লেখ করেন।

নবগঠিত বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব–মালয়েশিয়ার কার্যকরী কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, প্রবাসী সাংবাদিকরা একদিকে যেমন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের মানুষের যোগাযোগের সেতুবন্ধন তৈরি করেন, অন্যদিকে দূতাবাস ও প্রবাসীদের মধ্যেও গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষা করেন। তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা আরও সমৃদ্ধ হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (কনস্যুলার) গোলাম রাব্বানী এবং প্রথম সচিব (প্রেস) মো. তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রেস ক্লাবের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সিনিয়র সহ-সভাপতি রফিক আহমদ খান, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান, খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, আশরাফুল মামুন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস, দপ্তর ও প্রচার সম্পাদক সওকত হোসেন জনি এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আরিফুজ্জামান

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।