নিজের মৃত সন্তানকে কবর দিতে গিয়ে মাটি খুঁড়ে আরেক নবজাতককে উদ্ধার করলেন ভারতের উত্তরপ্রদেশের এক ব্যবসায়ী। খুদে ফুসফুস আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল অবশিষ্ট অক্সিজেনটুকু শুষে নেওয়ার।
বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বরেলির ঘটেছে ঘটনাটি। মাটি খুঁড়ে উদ্ধার করা সদ্যোজাত তখনও বেঁচে।
ওই ব্যবসায়ীর নাম হিতেশ কুমার সিরোহি। তার স্ত্রী বৈশালী বরেলিতে পুলিশের সাব-ইনস্পেক্টর। গত বুধবার রাতে প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় স্ত্রীকে বরেলির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিলেন হিতেশ। বৃহস্পতিবার সকালে তার স্ত্রী ৭ মাসের অপরিণত শিশুর জন্ম দেন। দুর্ভাগ্যবশত জন্মের কয়েক মিনিটের মধ্যেই সদ্যোজাতের মৃত্যু হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মৃত সদ্যোজাতকে কবর দিতে গিয়েছিলেন। মাটি খুঁড়তে গিয়ে তিনি লক্ষ করেন যে মাটির তিন ফুট নীচে একটা শক্ত কিছু রাখা রয়েছে। সেটা একটা মাটির পাত্র ছিল। পাত্রটাকে টেনে বাইরে বার করে তাজ্জব হয়ে যান তিনি। পাত্রের ভিতরে তখনও ছটফট করছে একটা তাজা প্রাণ। এক সদ্যোজাত কন্যাশিশু! ভীষণ জোরে শ্বাস নিচ্ছিল সে। তত্ক্ষণাৎ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন তিনি। তাকে দুধ খাওয়ান।
বরেলির এসপি অভিনন্দন সিংহ জানিয়েছেন, শিশুটির চিকিৎসা চলছে। আগের থেকে অনেকটা শারীরিক উন্নতি হয়েছে তার। তার বাবা-মার খোঁজ চলছে। জীবন্ত শিশুকে কবর দেওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


