সালথা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় খাদ্য বান্ধব কর্মসূচি ওএমএসের ১২ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১২ জন ভোক্তার কাছ থেকে ১০টাকা কেজির ১২ বস্তা চাল ক্রয় করে বেশি দামে বিক্রির অভিপ্রায়ে মজুদ করার অপরাধে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৬(১) ধারা মতে সালথার যদুনন্দী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মুরাদ কাজীকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই বিষয়টি জানা থাকা সত্ত্বেও অবহেলাজনিত সেবাগ্রহীতার অর্থহানি ঘটানোয় এবং কর্তৃপক্ষকে অবহিত না করার অপরাধে যদুনন্দী ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আলীমুজ্জামান নয়নকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা মতে ৭৫ হাজার টাকা জরিমানা এবং তার লাইসেন্স বাতিলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার বলেন, একজন ভোক্তার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের ৯ং ওয়ার্ডের যদুনন্দী গ্রামে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে গ্রাম পুলিশ মুরাদ কাজীর বাড়ি থেকে নিজের ২ বস্তা ও ক্রয়কৃত ১২ বস্তাসহ প্রতিটি ৩০ কেজির মোট ১৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। এই চাল করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করা হবে। যে ১২ জন ভোক্তা চাল বিক্রয় করেছেন তাদের চিহ্নিত করে তাদের রেশন কার্ড বাতিলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রাম পুলিশকে সাময়িক বরখাস্ত ও ২৫ হাজার টাকা জরিমানা এবং খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারের লাইসেন্স বাতিল ও ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


