এখন বিভাজনের সময় নয়, ঐক্যবদ্ধ সমাজ গড়ার সময়:ফজল আনসারী

এখন বিভাজনের সময় নয়, ঐক্যবদ্ধ সমাজ গড়ার সময়:ফজল আনসারী
সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বলছেন,এখন বিভাজনের সময় নয়, ঐক্যবদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার সময়। যেখানে কোনো বিভেদ-বিভাজন থাকবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দল ও ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সুযোগ হাতছাড়া করা যাবে না।
রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেট প্রেসক্লাব আয়োজিত মতবিনিময় সভায় মুখ্য আলোচকের বক্তব্যে এসব কথা বলেন অনলাইন নিউজ পোর্টাল ‘জাস্ট নিউজ বিডি’র’ সম্পাদক মুশফিকুল ফজল আনসারি।
সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় সাংবাদিক মুশফিক বলেন, আমরা প্রফেসর ইউনূসের মতো একজন নবেল বিজয়ীকে সরকার প্রধান হিসেবে পেয়েছি। তার কারণে আমরা বিশ্বে সম্মানিত, তিনি আমাদের গর্ব। আমরা বিশ্বাস করি, নিশ্চয়ই তিনি তার নামের প্রতি সুবিচার করবেন এবং সমস্ত খুনিদের শাস্তির আওতায় নিয়ে আসবেন।
ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সমতা ও সমমর্যাদার ভিত্তিতে হওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, যাকে ব্রিটিশ প্রধানমন্ত্রীসহ সারা দুনিয়ার মানবতাবাদী দেশগুলো রিফিউজ করেছে এই হত্যাকারী-খুনিকে রাজার হালে রেখে সম্পর্ক ভালো হবে না। শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ ক্ষমতার অপব্যবহার করতে না পারে। প্রফেসর ইউনূসের মাধ্যমে এটা সম্ভব।
সাংবাদিক মুশফিকুল ফজল আরও বলেন, যারা ক্ষমতায় যাবেন এবং আছেন তাদের মানুষের পালসকে বোঝা উচিত যে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করলে, খুন করলে, লুট করলে, কর্পোরেট দুর্বৃত্তদের সুযোগ করে দিয়ে কাছাকাছি রাখলে আজ হোক, কাল হোক মানুষের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, অতীতে ব্যক্তিগত সুযোগ-সুবিধা লাভের জন্য নৈতিকতার বাইরে গিয়ে সাংবাদিকতা করেছেন। কিন্তু আমেরিকায় একজন সাংবাদিককে এক কাপ চা খাওয়াতে পারবেন না। নাগরিক সুবিধার জন্য আমাদের সাংবাদিকতা করতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি খালেদ আহমদ, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী প্রমুখ।
প্রসঙ্গত, ওয়াশিংটন প্রেসক্লাবের সদস্য, জাতিসংঘ ও হোয়াইট হাউস প্রতিনিধি মুশফিকুল ফজল আনসারি ২০১৪ সালের ডিসেম্বর মাসে দেশ ছাড়ার পর আর ফিরতে পারেননি। ১২ সেপ্টেম্বর বিকেলে তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার পর গতকাল শনিবার এক দশক পর সিলেটে ফেরেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।