একুশের চেতনা বা মুক্তিযুদ্ধের চেতনা কোনটাই ধারণ করে না বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

একুশের চেতনা বা মুক্তিযুদ্ধের চেতনা কোনটাই ধারণ করে না বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভাষা ইসলামিকরণের পক্ষে ছিল বিএনপি

একুশের চেতনা বা মুক্তিযুদ্ধের চেতনা কোনটাই বিএনপি ধারণ করে না। তারা একুশে ফেব্রুয়ারি, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলে আর সেই স্বাধীনতাবিরোধীদের নিয়ে রাজনীতি করে, যারা আরবি হরফে বাংলা ভাষা চালু করা, রবি ঠাকুরের গান প্রচার নিষিদ্ধ করা, ভাষা ইসলামিকরণের পক্ষে ছিল। বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

আজ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে মতবিনিময়কালে সাংবাদিকরা একুশে ফেব্রুয়ারি সকালে শহিদ মিনারে ফুল দেওয়ার সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে বলে মির্জা ফখরুলের অভিযোগ নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী এ কথা বলেন।

ড. হাছান বলেন, ‘এটা গায়েবানা অভিযোগ। গত বছর আমরা আমাদের মিছিলের পাশ দিয়ে বিএনপির মিছিল যেতে দিয়েছি, তারা ফুল দেওয়ার পর আমরা ফুল দিয়েছি। এতে আমাদের সাড়ে তিন ঘণ্টা বেশি সময় লেগেছিল। এ বছর আমরা ফুল দিয়ে ৩০ সেকেন্ড নীরবে দাঁড়িয়েছিলাম, পুরোপুরি এক মিনিটও না, তারপর চলে গেছি। বিএনপি দেরিতে শুরু করেছে এবং তখন শহিদ মিনারে ভিড় হয়ে গেছে। তাদের কে কোথায় বাধা দিলো!’

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের আইন অনুযায়ী কেউ যদি দুই বছরের বেশি শাস্তিপ্রাপ্ত হয় তিনি নির্বাচন করতে পারেন না। খালেদা জিয়া দুই বছরের অনেক বেশি শাস্তিপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত হয়েছেন। সুতরাং নির্বাচন করার প্রশ্নই আসে না। আর সরকার তাকে শর্তসাপেক্ষে ঘরে থাকার অনুমতি দিয়েছে তার স্বাস্থ্য বিবেচনায়। তার শারীরিক অবস্থা এবং বয়স বিবেচনায় তাকে শর্তসাপেক্ষে কারাগারের বাইরে ঘরে অবস্থান করার অনুমতি দেওয়া হয়েছে। সেই শর্ত অনুযায়ী তিনি রাজনীতিও করতে পারেন না।’

তিন গ্রন্থকারের পাঁচ বইয়ের মোড়ক উন্মোচন

এর আগে মন্ত্রণালয়ের সভাকক্ষে কবি ও গবেষক সৌমিত্র দেব রচিত ‘বঙ্গবন্ধুর জীবন ও শিল্পভাবনা’, গবেষক ও রাজনীতিক শামীমা সুলতানার লেখা ‘শেখ হাসিনা একটি কালজয়ী উপাখ্যান’ এবং ‘শেখ রেহানা এক দীপ্ত শিখা’, তথ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. শেখ মুসলিমা মুন রচিত কাব্যগ্রন্থ ‘স্বপ্নলোকের নদী’ এবং গবেষণাগ্রন্থ ‘এইচআইভি-এইডস ঝুঁকি ও জেন্ডার সম্পর্ক: বাংলাদেশের নারী যৌনকর্মী’ বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ।

এ সময় তিনি বলেন, ‘ভাষার মাস ফেব্রুয়ারিতে যখন একুশে গ্রন্থ মেলা চলছে তখন তিনজন লেখককেই আমি অভিনন্দন জানাই। বই লেখা কঠিন কাজ। ধর্য এবং লেখার মুন্সিয়ানা থাকলেই কেবল বই লেখা সম্ভবপর হয়। সেই সাথে আমি মনে করি যে, বইগুলোর মান নিয়ন্ত্রণের দিকে একটু আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন। কারণ অনেক বই রচিত হচ্ছে, বইমেলায় সেগুলোর মোড়ক উন্মোচন হচ্ছে, কিন্তু সবগুলোর মান ঠিক আছে কি না সেটি দেখা প্রয়োজন।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।