এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-আম্বিয়া-নাজমুল) পঞ্চগড়ের দু’টি আসনে প্রার্থী ঘোষণা করেছে।
পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে জাসদ পঞ্চগড় জেলা শাখা শুক্রবার সন্ধ্যায় বিশেষ বর্ধিত সভা শেষে পঞ্চগড়-১ আসনে বর্তমান সংসদ সদস্য জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান ও পঞ্চগড়-২ আসনের জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমরান আল আমিনকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করে দলটি।
জেলা জাসদ সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাসদের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নাজমুল হক প্রধান, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন উপস্থিত ছিলেন।
বর্তমান রাজনৈতিক অবস্থা পর্যালোচনা ও আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে কর্মকৌশল নির্ধারণে এ সভা আহ্বান করা হয়।
উল্লেখ্য যে, দশম সংসদ নির্বাচনে মশাল মার্কা নিয়ে নির্বাচন করে জাতীয় পার্টির প্রার্থী আবু সালেককে হারিয়ে পঞ্চগড়-১ আসনে নাজমুল হক প্রধান এমপি নির্বাচিত হন। অপরদিকে
অধ্যাপক এমরান আল আমিন পঞ্চগড়-২ আসনে মশাল মার্কা নিয়ে নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম সুজনের কাছে পরাজিত হন।
