মাহমুদ খান, নিজস্ব প্রতিবেদক: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চাবাগানের কয়েকটি ভোট কেন্দ্র ব্যতীত অন্যান্য ভোট কেন্দ্র সমুহে ভোটারের উপস্থিতি ছিল খুবই নগন্য। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও কেন্দ্র সমুহে দায়িত্বরত সংশ্লিষ্টরা বসে অলস সময় পার করেছেন। দু’একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোটে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে অধ্যাপক রফিকুর রহমান রয়েছেন এগিয়ে।
কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন নিয়ে সীমান্তবর্তী এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১,৭৯,৪শ’ জন। এর মধ্যে পুরুষ ৮৯ হাজার ৫৬৪ ও মহিলা ৮৯ হাজার ৮৩৬ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৭২টি ও ভোট কক্ষের সংখ্যা ৪৫৬টি। তবে সকাল থেকেই ভোট কেন্দ্র সমুহে ভোটারের উপস্থিতি চোখে পড়েনি। চা বাগানের কিছু কেন্দ্র সমুহে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক।
উপজেলা সদর, পতনঊষার, শমশেরনগর, রহিমপুর ও মুন্সীবাজার ইউনিয়নের ভোট কেন্দ্র ঘুরে এমন চিত্র পাওয়া যায়। বিকেলে কর্মী সমর্থকেরা বাড়ি বাড়ি থেকে কিছু ভোটার এনে ভোট প্রদান করেন। বেলা ১১টায় পতনঊষার মাইজগাঁও প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এছাড়া রহিমপুর ইউনিয়নের ধর্মপুর প্রাথমিক বিদ্যালয়ে পৌণে ১২টায় জাল ভোটের অভিযোগে প্রিসাইডিং অফিসারের সাথে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রফিকুর রহমানের সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটে। ইসলামপুরের বাঘাছড়া প্রাথমিক বিদ্যালয়ে ৬২টি ব্যালেট পেপার ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া পুরো উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পশ্চিম শ্রীসূর্য্য প্রাথমিক বিদ্যালয়ে ২২১৩ ভোটের মধ্যে ৩০২ ভোট, টিলাগড় প্রাথমিক বিদ্যালয়ে ২৪৫১ ভোটের মধ্যে ২০২ ভোট, মহেন্দ্র কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭৪৬ ভোটের মধ্যে ৩১২ ভোট, শমশেরনগর এএটিএম উচ্চ বিদ্যালয়ে ২৮৮০ ভোটের মধ্যে ৪৭০ ভোট, বেলা সোয়া ১টা পর্যন্ত দেওড়াছড়া চাবাগান প্রাথমিক বিদ্যালয়ে ২৫১৯ ভোটের মধ্যে ১১৭৮ ভোট, মৃত্তিঙ্গা চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে ৩১৬২ ভোটের মধ্যে ৭১৬ ভোট, মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ৩১৭৬ ভোটের মধ্যে ৪শ’, সফাত আলী সিনিয়র মাদ্রাসায় ৪১৭৪ ভোটের মধ্যে ৯০০ ভোট পড়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সর্বশেষ উপজেলা মনিটরিং অফিসে বিভিন্ন কেন্দ্র থেকে আসা ফলাফল প্রকাশ করা হচ্ছে। ফলাফলে নৌকা প্রতীকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুর রহমান ব্যাপক ভোটে এগিয়ে রয়েছেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার জানান, বেলা দেড় ঘটিকা পর্যন্ত ২৩ দশমিক ২১ শতাংশ ভোটদান হয়েছে।