ইসরায়েল নয় ফিলিস্তিনি সন্ত্রাসীরা গাজার হাসপাতালে হামলা চালিয়েছে -জো বাইডেন

ইসরায়েল নয় ফিলিস্তিনি সন্ত্রাসীরা গাজার হাসপাতালে হামলা চালিয়েছে  -জো বাইডেন

ইসরায়েলের প্রতি সংহতি প্রকাশ করতেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তেল আবিব এসেছেন। ইসরায়েলের রাজধানীতে পৌঁছেই হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের প্রতি সমর্থনের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। এ সময় পাশে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট গাজায় হাসপাতালে হামলা চালানোর জন্য ফিলিস্তিনি ‘সন্ত্রাসীদের’ দায়ী করেন। তিনি বলেন, হামাস ‘শুধু দুর্ভোগই’ নিয়ে এসেছে। বাইডেন ফিলিস্তিনের নিরপরাধ মানুষ এবং যুদ্ধের মধ্যে যারা আটকা পড়েছেন, তাদের জীবন রক্ষার সক্ষমতাকে নিশ্চিত করতে নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন।

এদিকে হামাস শাসিত গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে ওই বিস্ফোরণে ৪৭১ জন নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় সেখানে বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ইসরায়েলি সেনাবাহিনী এর জন্য ফিলিস্তিনি ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছে। তাদের ভাষ্য, গাজার ইসলামিক জিহাদ সংগঠনটির ছোড়া রকেট লক্ষ্যবস্তুতে আঘাত না হেনে ভুল জায়গায় আঘাত করে এবং তা প্রমাণিত হবে।

বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বাইডেন বলেন, ‘গতকাল হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় আমি খুবই মর্মাহত ও ক্ষুব্ধ এবং আমি যা দেখেছি, তাতে আমার মনে হয়েছে, এটি আপনারা (ইসরায়েল) নয়, অন্য কোনো পক্ষ করেছে। কিন্তু বাইরের অনেক মানুষই নিশ্চিত নন কে এই হামলা চালিয়েছে। তাই এ নিয়ে আমাদের অনেক কিছু করতে হবে।’

বাইডেন আরও বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, হামাস ফিলিস্তিনের সব মানুষের প্রতিনিধিত্ব করে না এবং তারা সেই মানুষগুলোর জন্য শুধু দুর্ভোগই নিয়ে এসেছে।’

বাইডেনের সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, গাজায় সাহায্য পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে ইসরায়েল। বাইডেন ইসরায়েল সফর করে গর্বিত বলেও মন্তব্য করেন। তিনি বলেন, ‘ আমি ইসরায়েলের জনগণকে বলতে চাই…তাদের সাহস, তাদের প্রতিশ্রুতি এবং তাদের বীরত্ব অসাধারণ।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।