ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বর্তমান প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ান্তো

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বর্তমান প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ান্তো

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারীভাবে জয়ী হয়েছেন দেশটির বর্তমান প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ান্তো। ৭২ বছর বয়সী এই জেনারেল এর আগেও দুই বার প্রেসিডেন্ট নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। গণনাকৃত ভোটের ৫৫ শতাংশেরও বেশি জিতে নিয়েছেন সুবিয়ান্তো। তিনি জনপ্রিয় বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

পর্যবেক্ষকদের দাবি, নির্বাচনী প্রচার-প্রচারণায় সুবিয়ান্তোকে পরোক্ষভাবে সমর্থন দিয়েছেন উইদোদো। দেশটির ত্রিমুখী নির্বাচনে সুবিয়ান্তোর প্রতিপক্ষ জাকার্তার সাবেক গভর্নর অ্যানিস বাসওয়েদান ও মধ্য জাভার সাবেক গভর্নর গাঞ্জার প্রানোও বলেন, তারা নির্বাচন কমিশনের ফলের জন্য অপেক্ষা করবেন।

১৯৯৮ সালে সুহার্তোর একনায়কত্বের অবসানের পর ২৭ কোটি জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে প্রায় ২০ কোটি ৫০ লাখ মানুষ ভোট দেওয়ার যোগ্য। দেশটির ভোটাররা প্রেসিডেন্টের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট, ৫৮০ জন পার্লামেন্ট সদস্য, ২০ হাজারের বেশি আঞ্চলিক আইনপ্রণেতাও নির্বাচন করবেন। এসব নির্বাচনে প্রায় ২ লাখ ৬০ হাজার প্রার্থী লড়ছেন।

ইন্দোনেশিয়ার নির্বাচনে কোনো প্রার্থী যদি ৫০ শতাংশের বেশি ভোট পান, তাহলে তাকে আর রান-অফ লড়তে হয় না। সুবিয়ান্তো যে পরিমাণ ভোট পেয়েছেন তাতে তিনি একবারেই প্রেসিডেন্ট হতে পারবেন। তবে সুবিয়ান্তো নিজেকে বিজয়ী ঘোষণা করলেও সমর্থকদের আরও ধৈর্য ধারণ করতে বলেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।