ইতালিতে লকডাউন শিথিল, সীমিত আকারে খুলছে সবকিছু

ইতালিতে লকডাউন শিথিল, সীমিত আকারে খুলছে সবকিছু

করোনা ভাইরাসের তাণ্ডব দুর্বল হতে থাকায় ভয়াবহ বিপর্যয় শেষে ইউরোপের দেশ ইতালি স্বাভাবিক হতে শুরু করেছে। সোমবার (৪ মে) থেকে লকডাউন শিথিল করে ইতালির সরকার।

দীর্ঘ লকডাউনের পর সোমবার থেকে উৎপাদন শিল্প, নির্মাণ খাত ও পাইকারি দোকান ফের চালুর প্রক্রিয়া শুরু হয়েছে ইতালিতে। তবে আপাতত সীমিত আকারে খোলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। বার, রেস্টুরেন্ট, খুচরা ও পাইকারি দোকানপাট, স্টেশনারি, বইয়ের দোকান, বাচ্চাদের কাপড়ের দোকান, কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে। এদিকে লকডাউন শিথিল করায় দেশটির বিভিন্ন পর্যটন স্থানে ভিড় লক্ষ্য করা গেছে।

ইতালি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ মে থেকে বাণিজ্যিক কিছু অংশ, প্রদর্শনী, জাদুঘর, প্রশিক্ষণ টিম, ক্রীড়া ক্ষেত্র এবং গ্রন্থাগার খোলার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া ১ জুন থেকে রেস্টুরেন্ট, বার, সেলুন, ম্যাসেজ সেন্টার খোলা হবে। এদিকে ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে খোলার কথা রয়েছে।

লকডাউন শিথিল করা হলেও করোনা ভাইরাসের প্রকোপ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সবাইকে পাবলিক পরিবহনসহ বাইরে মাস্ক ব্যবহার করতে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। তবে বাইরে বের হওয়ার কারণ কতৃপক্ষের কাছে অবশ্যই জানাতে হবে।এছাড়া নিজ এলাকার লেক, সমুদ্র সৈকত ও পর্বতে ভ্রমণ, হাঁটা, দৌড়ানো এবং সাইক্লিংয়ের অনুমতি আছে। তবে একত্রে বেশি লোক সমাগম করা যাবে না। সবাইকে কমপক্ষে এক মিটার দূরত্বে অবস্থান করতে হবে।

উল্লেখ্য, ইতালিতে ২৯ হাজার ০৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ১১ হাজার ৯৩৮। দেশটির প্রধানমন্ত্রী জোসেফ কোঁতের পূর্ব ঘোষণা অনুযায়ী, দেশটিতে সোমবার থেকে লকডাউন শিথিল করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছে, দেশের অর্থনীতির চাকা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা ফিরিয়ে আনতেই লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে পুরোপুরি নির্মূল না করে করোনা পরিস্থিতির ভেতরেও লকডাউন শিথিলের ঘোষণায় ক্ষুব্ধ হয়েছে দেশটির বিরোধীদলের কয়েকজন নেতা। এ নিয়ে সরকার ও বিরোধীদলে নানা বিতর্ক চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।