সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা ঃ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের জামালনগরে খেলার মাঠের উদ্বোধনী সাইনবোর্ড স্থাপন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১১ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামালনগর গ্রামের সীমান্তে কেয়ারগাতি মৌজায় খাস জমিতে স্থানীয় ক্রীড়ামোদি লোকজন শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠ উদ্বোধনের জন্য ডিজিটাল সাইনবোর্ড স্থাপনের মাধ্যমে মাঠ উদ্বোধন করতে যান। সাইনবোর্ডে জন প্রতিনিধিদের ছবি ছাপানোয় ত্রুটি থাকায় সংশোধন পূর্বক পরবর্তীতে স্থাপনের সিদ্ধান্ত হয়। সংশোধন করে পরবর্তীতে পুনরায় সাইনবোর্ড স্থাপন করা হয়। বৃহস্পতিবার উভয় পক্ষের লোকজন ঘটনাস্থানে যেয়ে বিরোধে জড়িয়ে পড়েন। তখন একপক্ষ রোপনকৃত জমির ধান পদদলিত করে এবং অপর পক্ষ সাইনবোর্ড ভেঙ্গে নষ্ট করে দেয়। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রাসেলের ছবি সম্বলিত সাইনবোর্ড ভাংচুর ও আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সংঘর্ষে রায়হান, আজহারুল, ইনামুল হক, মিজানুর, বদরুল ফকির ও মফিজুল আহত হয়েছে। প্রথমোক্ত ৪ জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরপক্ষের সোহেল রানা, ফরিদুল, কবিরুল, প্রভাত বিশ^াস ও বিল্লাল হোসেন আহত হয়েছে। সকলকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।



