প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আমেরিকা, এশিয়া ও ইউরোপসহ ২০টি দেশ থেকে অভিবাসী নাগরিকদের সৌদি আরবে প্রবেশ বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। তবে ঐ সব দেশে থাকার সৌদি নাগরিক, দূতাবাস কর্মকর্তা, চিকিৎসক এবং তাদের পরিবারের সদস্যরা এই নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না।
নিজ দেশের নাগরিক, কূটনীতিক, স্বাস্থ্যকর্মী এবং তাদের পরিবার ব্যতীত ২০টি দেশ থেকে অভিবাসী নাগরিকদের সৌদি আরবে প্রবেশ বন্ধ করে দিয়েছে।
আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) সৌদির স্থানীয় সময় রাত ৯টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।
নিষেধাজ্ঞা দেশগুলির তালিকায় রয়েছে- আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিশর, ভারত এবং জাপান।
যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত ২১ ডিসেম্বর আকস্মিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয় সৌদি আরব। পরবর্তীতে এর মেয়াদ আরো সাত দিন বাড়ানো হয়। এর ১৫ দিন পর নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি।
এছাড়া মহামারি করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ রোধে মার্চের শুরুতে বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন বন্ধের ঘোষণা দিয়েছিল সৌদি আরব। সাত মাস পর প্রথমবারের মতো গত বছরের ২ নভেম্বর বিদেশিদের কাবায় প্রবেশের সুযোগ দেয়। করোনা এসে সবকিছু বদলে দিয়েছে। হজ এবং ওমরাহ সবই বন্ধ ছিল সাত মাস।
গত বছর মোটে ১০ হাজারের মতো মুসলিমকে হজ পালন করার সুযোগ দেওয়া হয়েছে। যেখানে সাধারণত প্রতি বছর গড়ে ২৫ লাখের মতো মুসলিম হজ পালনের সুযোগ পান।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত ৩ লাখ ৬৮ হাজার ৩২৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ হাজার ৩৭৯ জন।



