নিউজ ডেস্কঃ আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত করতে পারে এমন কোনো পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া তৈরি করতে পারবে না। উত্তর কোরিয়ার শক্তি পরীক্ষা প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, উত্তর কোরিয়ার দাবি মতো তাদের তৈরি মিসাইল আমেরিকার অংশ বিশেষে আঘাত হানতে পারে। এমনকি পরমাণু অস্ত্রবাহী এমন ক্ষেপণাস্ত্র তৈরি শেষ পর্যায়ে রয়েছে বলেও দাবি কিম জউং উনের। কিন্তু কখনই এই ধরণের কোনো ঘটনা ঘটবে না বলেই দাবি ট্রাম্পের।
সম্প্রতি উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএ ‘র পরীক্ষা চালানোর চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই ট্রাম্পের এই দাবি।
কিম আরো দাবি করেছিলেন, উত্তর কোরিয়া নিজ সামরিক ক্ষমতা বাড়ানোর তৎপরতা অব্যাহত রাখবে। প্রতিদ্বন্দ্বি প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার সাথে আমেরিকা নিয়মিত সামরিক মহড়া বন্ধ না করা পর্যন্ত সামরিক সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পরমাণু এবং অস্ত্র কর্মসূচি বাদ দেয়ার জন্য উত্তর কোরিয়ার ওপর প্রচণ্ড আন্তর্জাতিক চাপ রয়েছে। তবে এই চাপ উপেক্ষা করেই নিজেদের শক্তি বাড়িয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।



