প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন। ছবি: পিআইডিপ্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের সেবা করার সংকল্প ব্যক্ত করে এই দেশকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে যাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। তিনি বুধবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানের ভাষণে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের চলার পথ কখনই মসৃণ ছিল না, কণ্টকাকীর্ণ ছিল, তবুও আমরা এগিয়ে যেতে সক্ষম হয়েছি। অনেক প্রতিকূলতা অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছি।’
প্রধানমন্ত্রী রবার্ট ফ্রস্টের বিখ্যাত কবিতা ‘স্টপিং বাই উডস অন এ স্নোয়ি ইভিনিং’ এর দুটি পংক্তি ‘উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ/বাট আই হ্যাভ প্রমিসেজ টু কিপ/অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ/’ উল্লেখ করে বলেন, ‘আমি মুক্তিযোদ্ধাদের স্বপ্নের মতো করে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত করে বাংলাদেশকে গড়ে তুলতে চাই এবং আগামীর বাংলাদেশ হবে সুন্দর, উন্নত ও সমৃদ্ধ।’
শেখ হাসিনা বলেন, ‘কাজেই আমি এটুকুই বলব, আমি এগিয়ে যেতে চাই যতই অন্ধকার আসুক, ঘন দুর্যোগ আসুক, যতই গভীর হোক জঙ্গল কিন্তু এগিয়ে যাওয়ার পথ সে পথ করে নিতেই হবে।’ তিনি সুকান্তের ছাড়পত্র কবিতার পংক্তি উদ্ধৃত করে বলেন, চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ/প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,/এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি-/নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।’
আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা পুনরায় দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, নির্বাচনে জনগণ যদি ভোট দেয় তাহলে আবার ক্ষমতায় আসবেন। আর যদি নাও আসেন তাহলেও আফসোস নেই। কারণ বাংলাদেশকে যে উন্নয়নের মহাসড়কে তিনি তুলে দিতে সক্ষম হয়েছেন, তার থেকে বাংলাদেশকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। তিনি পুনরায় নির্বাচিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন জীবনানন্দ দাসের ভাষায় বলেন-
‘আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ২০২০ সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করব, ২০২১ সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব। ইনশা আল্লাহ তখন বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করেই আমরা গড়ে তুলতে সক্ষম হব।’
প্রধানমন্ত্রী ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলায় তাঁর সংকল্প পুনর্ব্যক্ত করে এ সময় বলেন, শত বাধা বিপত্তি উপেক্ষা করেই তাঁর সরকার স্বাধীনতার সুফলকে জনগণের ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।
সশস্ত্র বাহিনী আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে প্রধানমন্ত্রী এর আধুনিকায়নে তাঁর সরকারের পদক্ষেপসমূহের উল্লেখ করেন। শেখ হাসিনা বলেন, ‘আমরা কারও সাথে যুদ্ধ করব না। যুদ্ধ করতে আমরা চাই না। কিন্তু একটি স্বাধীন দেশের যে সশস্ত্র বাহিনী হবে সেটাকে স্বাধীন দেশের উপযুক্ত হতে হবে।’ তিনি বলেন, ‘আমরা যুদ্ধ করব না কিন্তু কেউ আক্রমণ করলে আমরা ছেড়ে দেব না, অন্তত যতক্ষণ আমাদের শ্বাস আছে আমরা প্রতিরোধ করব। সে জন্য আমরা প্রত্যেকটি বাহিনীর জন্য আধুনিক অস্ত্রশস্ত্রের জোগান দেওয়া, তাঁদের প্রশিক্ষণ থেকে শুরু করে সব পদক্ষেপই আমরা নিয়েছি এই অল্প সময়ের মধ্যে।’
প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠনের স্মৃতিচারণ করে বলেন, ‘এই বাহিনী গড়ে উঠেছিল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়।’ তিনি বলেন, ‘একদিকে যেমন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে এবং সকল বাহিনীকে একত্রিত করে এই সশস্ত্র বাহিনী ২১ নভেম্বর গড়ে তোলা হয় সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। যে যুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি।’
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই তাঁর সরকার ‘আর্মড ফোর্সেস গোল ২০৩০’ প্রবর্তন করে সেনা, নৌ এবং বিমানবাহিনী সংবলিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার পদক্ষেপ নেয়। প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল।’
প্রধানমন্ত্রী বলেন, এই মর্যাদাটা ধরে রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং আমাদের সামনে আরও অনেক পথ বাকি রয়েছে। তিনি বলেন, ‘দেশে দারিদ্র্যের হার প্রায় ৪০ ভাগের ওপর থেকে ২১ ভাগে নামিয়ে এনেছি। এই দারিদ্র্যের হারকে আরও অন্তত পাঁচ ভাগ নামিয়ে বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত করে গড়ে তুলব ইনশা আল্লাহ, সে বিশ্বাস আমাদের রয়েছে।’
দেশের বাজেট প্রায় ৭ ভাগ বৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের জন্য বেতন-ভাতা বৃদ্ধি সহ আবাসনের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। তিনি বলেন, ‘যারা দেশের জন্য কাজ করবেন তাঁরা যেন সুষ্ঠুভাবে কাজ করতে পারেন, স্বস্তিতে করতে পারেন সেই ব্যবস্থা আমরা করেছি।’ দেশের মানুষের কর্মসংস্থানের জন্য তিনি বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সেই জন্যই আজ সকলের হাতে হাতে মোবাইল ফোন, একের পর এক টেলিভিশন চ্যানেল হয়েছে।
দেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য তাঁর সরকারের সারা দেশে এক ’শ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিটি এলাকায় বিনিয়োগ ও কর্মসংস্থান যাতে হয়, রপ্তানি বৃদ্ধি পায়, বিদেশে দেশের যাতে বাজার সৃষ্টি হয়-সে ব্যবস্থা নিয়েছি।’ তিনি অতীত প্রেক্ষাপট স্মরণ করে বলেন, ‘বাংলাদেশের পরিচয় ছিল পাঁচ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন। জাতির পিতার হত্যাকারী অথবা একটা ক্ষুধা-দারিদ্র্য, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা-দুর্ভিক্ষের দেশ, প্রাকৃতিক দুর্যোগের দেশ-এই ছিল আমাদের পরিচয়।’ সেই পরিচয়কে ঘুচিয়ে ফেলে বাংলাদেশকে একটা উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে তাঁর সরকার রাষ্ট্র পরিচালনা করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি’র সন্ত্রাস-নৈরাজ্য, মানুষ পুড়িয়ে হত্যা করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করে সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়েছিলাম বলেই আজকে জনগণের মৌলিক চাহিদাগুলোর সংস্থান করতে সক্ষম হয়েছি। যেটা আমাদের সংবিধান নির্দেশিত এবং যেটা নিশ্চিত করা জাতির পিতারও লক্ষ্য ছিল।’
প্রধানমন্ত্রী মানবিক কারণে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের আশ্রয় প্রদানে সহযোগিতার জন্য কক্সবাজার তথা দেশের জনগণ আইন-শৃঙখলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘অনেক উন্নত দেশও যা পারেনি আমরা তা পেরেছি। আমরা মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আসা নাগরিকদের মানবিক কারণে আশ্রয় প্রদান করেছি।’ তিনি বলেন, এ জন্য তাঁর সরকার মিয়ানমারের সঙ্গে কোনো ঝগড়া বিবাদে না জড়িয়ে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের নাগরিকদের ফিরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে এবং এই বিষয়ে মিয়ানমার সরকারও তাদের ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়,’ জাতির পিতার এই পররাষ্ট্রনীতির আলোকেই দেশ পরিচালনা করে বিভিন্ন আঞ্চলিক যোগাযোগ প্রতিষ্ঠায় তাঁর সরকারের পদক্ষেপেরও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং তিন বাহিনী প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্পিকার শিরীন শারমীন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সংস্থার প্রধান, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও তাঁদের সহধর্মিনী, বিদেশি কূটনীতিক এবং পদস্থ সরকারি কর্মকর্তারা সংবর্ধনায় অংশগ্রহণ করেন।
বক্তৃতা শেষে প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।


