আবারও সার্জিক্যাল স্ট্রাইকের শঙ্কায় সতর্ক পাকিস্তানি সেনা

আবারও সার্জিক্যাল স্ট্রাইকের শঙ্কায় সতর্ক পাকিস্তানি সেনা

ভারত প্রতিনিধিঃ আবারও সার্জিক্যাল স্ট্রাইকের শঙ্কা করছে পাকিস্তান। যে কোনো সময় সার্জিক্যাল স্ট্রাইক কিংবা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় সেনার আক্রমণের শঙ্কা রয়েছে। তাই সে দেশের সেনাবাহিনী বিশেষভাবে সতর্ক।

পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, ভারতে কৃষক বিক্ষোভ থেকে জনগণের নজর ঘুরিয়ে দিতে নরেন্দ্র মোদি প্রশাসন পাকিস্তানকে আক্রমণ চালাতে পারে।

এ আশঙ্কায় পাকিস্তান সেনাবাহিনীকে বিশেষভাবে সতর্ক করে দেওয়া হয়েছে বলে পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। তবে পাকিস্তানের সেনাবাহিনী কিংবা সরকারি কেউ এ ব্যাপারে মুখ না খুললেও সেনাবাহিনীর সূত্রকে উদ্ধৃত করে ওই খবর প্রকাশ করা হয়েছে।

একটি খবরে বলা হয়েছে, ভেতর ও বাইরের চাপের মধ্যে পড়ে ভারত সরকার এই আক্রমণের পরিকল্পনা করছে। ডোকলাম ও লাদাখের ফলাফলের পর এখন পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই ফের সীমান্তে শান্তি নষ্ট করতে চাইছে নয়াদিল্লি।

সূত্রকে উদ্ধৃত করে আরো বলা হয়েছে, নিয়ন্ত্রণরেখায় হামলা করার পরিকল্পনা করছে ভারত। হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক। ভারতে এই মুহূর্তে কৃষকদের বিক্ষোভ চলছে, তা থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে নরেন্দ্র মোদি প্রশাসন।

জিও নিউজ বলেছে, ‘২০১৬ সালে কোনো প্রমাণ ছাড়াই নিয়ন্ত্রণরেখা পেরিয়ে সার্জিকাল স্ট্রাইক করার দাবি করেছিল ভারত। ২০১৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে এমনই পদক্ষেপ চেয়েছিল নয়াদিল্লি। কিন্তু তা ব্যর্থ হয়।’

পাকিস্তানের প্রভাবশালী সাংবাদিক সালমান মাসুদ গতরাতে এক টুইট বার্তায় লিখেছেন, পাকিস্তানের নিরাপত্তাবাহিনীর কর্মকর্তারা জানাচ্ছেন, ভারতের সঙ্গে পূর্ব সীমান্তে সেনাবাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে। সেনা কর্মকর্তারা জানাচ্ছেন, দিল্লিতে কৃষক আন্দোলন থেকে নজর ঘোরাতে ভারত সার্জিক্যাল স্ট্রাইকের চেষ্টা চালাতে পারে অথবা সীমান্তে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

পাকিস্তানের এই শঙ্কা নিয়ে নয়াদিল্লি অবশ্য এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। ২০১৬ সালে উরিতে পাকিস্তানি জঙ্গি হামলার পরে ২৯ সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।