জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে দীর্ঘ ২৩ বছর ধরে পলাতক থাকা আবদুল মাজেদের ফাঁসি শনি বা রোববারের মধ্যে কার্যকর হতে পারে।
৮ এপ্রিল মৃত্যু পরোয়ানা পড়ে শোনানোর পর নিজের দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান খুনি আবদুল মাজেদ। যদিও তার প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। এর জন্য যা যা দরকার সব প্রস্তুতু বলেও জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চটি সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। প্রস্তুত রয়েছে জল্লাদের একটি দল। এর আগে গেল বুধবার রাতে রাষ্ট্রপতির কাছে পাঠানো মাজেদের প্রাণভিক্ষার আবেদনটি নাকচ করা হয়।
কারা সূত্র জানায়, প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি বাতিল করে দেওয়ার পর সেই চিঠিটি কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছে। কারাবিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে। তবে বৃহস্পতিবার রাতে শবে বরাতের কারণে ফাঁসি কার্যকর হয়নি। এছাড়া আজ শুক্রবারও ফাঁসি কার্যকরের কোনও সম্ভাবনা নেই। আগামীকাল শনিবার ও পরদিন রোববার যেকোনো সময় ফাঁসি কার্যকর করা হতে পারে।
মঞ্চের প্রস্তুতির বিষয়ে সূত্র জানায়, কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে এখন পর্যন্ত কোনও ফাঁসি কার্যকর হয়নি। তবে মঞ্চটি সবসময় প্রস্তুত থাকে। সম্প্রতি তা নতুন করে ধোয়ামুছা করা হয়েছে। এতে যেকোনো সময় ফাঁসি কার্যকর করা যাবে।
এ বিষয়ে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, রাষ্ট্রপতি আবদুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন। ফলে ফাঁসির আদেশ কার্যকরে আর কোনও বাধা থাকল না। এখন পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করে তার ফাঁসির দণ্ড কার্যকর করা হবে।
উল্লেখ্য, ২৩ বছর ধরে পলাতক আবদুল মাজেদকে গত সোমবার মধ্যরাতে মিরপুর থেকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।


