আজ বিশ্ব নিউমোনিয়া দিবস। প্রতিবছর দেশে ৫ থেকে ৮ লাখ শিশু এই রোগে আক্রান্ত হচ্ছে এবং আক্রান্ত হয়ে প্রতি বছর ২৬ হাজার ৭৬৬ জন শিশু মারা যায়। পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই এমন মৃত্যু হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, মূলত অপুষ্টি, বায়ুদূষণ, টিকা না নেওয়া ও অ্যান্টিবায়োটিকের অভাবে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অনুষ্ঠিত এক বৈজ্ঞানিক সেমিনারে জানানো হয়, দেশে প্রতি বছর ২৬ হাজার ৭৬৬ জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই এমন মৃত্যু হচ্ছে।
বৈশ্বিক হারের চেয়ে দেশে নিউমোনিয়ায় শিশুমৃত্যুর হার অনেক বেশি। কয়েক বছর ধরে এ ক্ষেত্রে অগ্রগতি থেমে আছে। গবেষণা বলছে, ঘরের মধ্যে বাতাসের গুণগতমান উন্নত করার মাধ্যমে নিউমোনিয়ায় মৃত্যুর ঝুঁকি অর্ধেক করা সম্ভব। হাত ধোয়ায় নিউমোনিয়া ২১ শতাংশ কমতে পারে। আর জন্মের পর শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ালে নিউমোনিয়ার ঝুঁকি কমে ১৫ শতাংশ।
গবেষকরা বলছেন, বিশ্বব্যাপী পাঁচ বছরের কম বয়সি শিশুদের মৃত্যুর প্রধান সংক্রামক কারণ নিউমোনিয়া। প্রতি বছর প্রায় ৭ লাখ শিশু নিউমোনিয়ায় মারা যায়।
বাংলাদেশে এ অবস্থা আরো খারাপ। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) গবেষণায় দেখা গেছে, নিউমোনিয়ায় শিশুমৃত্যুর বৈশ্বিক হারের চেয়ে বাংলাদেশে মৃত্যুহার বেশি। গত ৪-৫ বছর মৃত্যুর সংখ্যা একই আছে। পরিস্থিতির উন্নতি দেখা যাচ্ছে না। ঘরের মধ্যে বাতাসের গুণগতমান উন্নত করার মাধ্যমে নিউমোনিয়ায় মৃত্যুর ঝুঁকি অর্ধেক করা সম্ভব এবং হাত ধোয়ার মাধ্যমে নিউমোনিয়া রোগী ২১ শতাংশ কমাতে পারে। নিউমোনিয়ায় মারা যাওয়া শিশুদের ৪৬ শতাংশই অপুষ্টির শিকার। শিশুদের সুরক্ষার ক্ষেত্রে, শিশুর জন্মের প্রথম ছয়মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো একটি বড় ভূমিকা পালন করে। এর ফলে নিউমোনিয়া হওয়ার আশঙ্কা ১৫ ভাগ কমে যায়।
তবে সর্বশেষ বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০২২ থেকে দেখা গেছে, দেশে গত ৫ বছরে শিশুর জন্মের প্রথম ছয়মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর হার উল্লেখযোগ্য হারে কমে শতকরা ৬৫ শতাংশ থেকে ৫৫ শতাংশ হয়েছে। শৈশবকালীন অপুষ্টি নিউমোনিয়ার ঝুঁকি বাড়ায় ১৫ গুণ।
এছাড়াও অ্যান্টিবায়োটিকের অকার্যকর হয়ে পড়া এবং রক্তে অক্সিজেনের স্বল্পতা ঠিক সময়ে শনাক্ত করতে না পারাও নিউমোনিয়ায় মৃত্যু ঝুঁকি বাড়ায়।
ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের সাবেক প্রধান ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা বলেন, যেকোনো বয়সের মানুষের নিউমোনিয়া হতে পারে। তবে পাঁচ বছরের কম বয়সি শিশুদের এবং বয়স্ক ব্যক্তিদের ঝুঁকি কিছুটা বেশি। পাঁচ বছরের কম বয়সির ঝুঁঁকি বেশি, তার চেয়ে বেশি ঝুঁকি এক বছরের কম বয়সি শিশুর। সবেচয়ে বেশি
ঝুঁকি নবজাতকের। ভাইরাস বা ব্যাকটেরিয়া নিউমোনিয়ার কারণ। ভাইরাস বা ব্যাকটেরিয়া ফুসফুসের রক্তনালিকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে ফুসফুসের অক্সিজেন গ্রহণের ক্ষমতা কমে যায়, রক্তে অক্সিজেন স্বল্পতা দেখা দেয়।
এই প্রেক্ষাপটে আজ ১২ নভেম্বর পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস। নিউমোনিয়া সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ২০০৯ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল নানা কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া বেসরকারি কিছু সংগঠনও নানা কর্মসূচি পালন করবে।




