আজ (রোববার) থেকে এক মাসের অবকাশকালীন ছুটিতে দেশের নিম্ন আদালত। এ সময় জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ সকল দেওয়ানি আদালতের কার্যক্রম বন্ধ থাকবে।
প্রতি বছরই ডিসেম্বরে এক মাসের অবকাশকালীন ছুটি থাকে দেশের নিম্ন আদালতের।
তবে এসময় ম্যাজিস্ট্রেট আদালত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতগুলো খোলা থাকবে। এসব আদালতে কার্যক্রম যথারীতি চলবে।
জানা গেছে, অবকাশকালীন সময়ে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা মহনগর দায়রা জজ আদালত বিশেষ মামলাগুলো নিষ্পত্তি করবেন।
এসময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরি মামলা নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি আগামী ৪, ৫, ৬, ১৩, ১৪, ১৯, ২০, ২৭ ও ২৮ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।
অন্যদিকে, ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায়কে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকালীন সময়ে জরুরি মামলাগুলো নিষ্পত্তির দায়িত্ব দেয়া হয়েছে। তিনি আগামী ৫, ৬, ৭, ১২, ১৩, ১৪, ২০, ২১, ২৭ ও ২৮ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।
আসছে ১ জানুয়ারি থেকে যথারীতি সব আদালতের কার্যক্রম শুরু হবে।





