আজকের চ্যালেঞ্জিং সময়ে আফ্রিকাসহ বহির্বিশ্বে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন প্রাসঙ্গিক -আবুজা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

আজকের চ্যালেঞ্জিং সময়ে আফ্রিকাসহ বহির্বিশ্বে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন প্রাসঙ্গিক -আবুজা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নাইজেরিয়া (আবুজা), ১৮ মার্চ: আজকের চ্যালেঞ্জিং সময়ে আফ্রিকাসহ বহির্বিশ্বে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন আজও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন নাইজেরিয়ার আবুজা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল-রাশিদ না’আল্লা।

        জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ হাইকমিশনের উদ্যেগে নাইজেরিয়ার আবুজা বিশ্ববিদ্যালয়ে গতকাল অনুষ্ঠিত ‘আফ্রিকা ও বহির্বিশ্বে বঙ্গবন্ধুর দর্শনের প্রাসঙ্গিকতা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। সেমিনারে পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং সমগ্রবিশ্বে মানবমুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর দর্শন ও ভাবনার ওপর আলোকপাত করা হয়। আলোচনায় অন্যান্যের মধ্যে নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মাসুদুর রহমান এবং একই বিশ্ববিদ্যালয়ের এশিয়া স্টাডিজ সেন্টারের পরিচালক প্রফেসর মুসা ওলাওফে অংশ নেন।

    উপাচার্য না’আল্লা তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বঙ্গবন্ধু একজন দুরদর্শী মহান নেতা ছিলেন। বঙ্গবন্ধুর চারিত্রিক দৃঢ়তা-ই বাংলাদেশের স্বাধীনতা এনে দেয় এবং আজকের বাংলাদেশকে উপহার দেয়। তিনি বলেন, আগামী দিনগুলোতে মুজিববর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে আবুজা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ হাইকমিশন একযোগে কাজ করে যাবে। এ প্রসঙ্গে তিনি শিক্ষা ও গবেষণা খাতে বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। মূলপ্রবন্ধে প্রফেসর মুসা ওলাওফে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক সম্পর্কের ওপর বঙ্গবন্ধুর দর্শন ও ভাবনা নিয়ে আলোচনা করেন।

    সমাপনী বক্তব্যে হাইকমিশনার উল্লেখ করেন, বঙ্গবন্ধু নিপীড়িত ও মুক্তিকামী মানুষের অধিকারের প্রশ্নে কখনো আপস করেননি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ছিলেন না, তিনি সমগ্র বিশ্বের বঞ্চিত মানুষের অধিকার আদায়ের অগ্রনায়ক ছিলেন। দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর আলোকপাত করতে গিয়ে তিনি আগামী দিনগুলোতে বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী করতে একযোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।