বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে বেলভিউতে ভর্তি রয়েছেন। ফোনে তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
শুক্রবার ৯ অক্টোবর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কেবিন থেকে আইটিইউতে স্থানান্তরিত করা হয়েছে৷
হাসপাতাল সূত্রে খবর, সৌমিত্র চট্টোপাধ্যায়ের ‘রক্তচাপ ওঠানামা করছে, এমনকি কমে গিয়েছে অক্সিজেনের মাত্রাও৷ ৮৫ বছর বয়সি প্রবীণ অভিনেতা করোনা ছাড়াও ক্যান্সার-প্রেশার-সুগার-সিওপিডি-র মতো একাধিক কো-মর্বিডিটি রয়েছে৷ তাই আগামী ২৪ ঘণ্টা তাকে কড়া পর্যবেক্ষণে রাখা হবে৷ একই সঙ্গে চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কোনও কারণ নেই৷
বাংলা ও বাঙালির গর্ব, বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় তথা ‘ফেলুদা’ ও ‘উদয়ণ পণ্ডিত’ এর শারীরিক অবস্থা স্থিতিশীলই ছিল৷ বৃহস্পতিবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সৌমিত্রবাবু৷ বুধবার সারা দিনে একবারও তার জ্বর আসেনি, বৃহস্পতিবারও শারীরিক অবস্থা ঠিকই ছিল৷ কিন্তু শুক্রবার দুপুরের পর থেকে বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়৷
এর আগে ২০১৯ সালের ১৩ অগস্ট হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা৷ শ্বাসকষ্ট হওয়ায় তাকে রুবিতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ তখন শ্বাসনালীতে সংক্রমণের পাশাপাশি রক্ত সোডিয়াম, পটাশিয়ামের মাত্রা কমে গিয়েছিল তার৷ নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। ৭ সদস্যের এক মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন৷ সেবারও তাকে আইসিইউ রেখে চিকিৎসা করতে হয়েছিল৷




