গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রণালিতে ইরানের পেতে রাখা মাইন অপসারণে মার্কিন নৌবাহিনী কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১১ আগস্ট) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ‘খুব ভালোভাবে’ এগিয়ে যাচ্ছে। এ সময় তিনি দাবি করেন, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।
প্রণালিতে মাইন অপসারণের বিষয়ে ট্রাম্প বলেন, ইরান সেখানে মাইন পেতে রেখেছে এবং মার্কিন নৌবাহিনী সেগুলো অপসারণ করে জলপথটি নিরাপদ করার কাজ করছে। শিগগিরই পুরো প্রণালি মাইনমুক্ত করা সম্ভব হবে বলেও দাবি করেন তিনি।
ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়েও সংশয় প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানকে তিনি বিশ্বাস করেন না। তার অভিযোগ, তেহরান নিয়মিতভাবে তাকে মিথ্যা তথ্য দিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুনঃ র্যাব বিলুপ্ত করে নতুন নামে আসছে এসআরবি
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই জলপথের এক পাশে ইরান এবং অন্য পাশে ওমান। বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি ও তেলজাত পণ্য এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এর নিরাপত্তা, চলাচল ও নিয়ন্ত্রণ নিয়ে যেকোনো ধরনের সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
ট্রাম্পের এই দাবি এমন এক সময়ে সামনে এলো, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ অব্যাহত রয়েছে। প্রণালিটির স্বাভাবিক নৌ চলাচল ব্যাহত হলে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ ও দামের ওপর তাৎক্ষণিক চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুনঃ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ, ব্রিকস আউটরিচেও ডাক





