স্বাস্থ্য ব্যবস্থাপনার উপর জনগণের আস্থাকে মজবুত করতে কাজ করবে সরকারঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

চিকিৎসার জন্য বিদেশমূখী হওয়ার প্রবণতা কমাতে দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার উপর জনগণের আস্থাকে আরো মজবুত করার লক্ষ্যে সরকার কাজ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, প্রত্যেক মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপরও সরকার গুরুত্ব দিবে।

তিনি আজ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শহীদ মিলন হল মিলনায়তনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের বরণ এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

ঢামেক-এর অধ্যক্ষ অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মোঃ মুরাদ হাসান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রি. জে. নাসির উদ্দিন বক্তৃতা করেন।

নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৬৫ বছরের ঊর্দ্ধে সকল বয়স্ক ব্যক্তির জন্য বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শীঘ্রই এলক্ষ্যে কাজ শুরু করবে সরকার। তিনি বলেন, প্রতি বিভাগে ক্যান্সার হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট কিডনী ইউনিট স্থাপন করা হবে। এ প্রসঙ্গে মন্ত্রী তিনি বলেন, সমগ্র বিশ্বের মতো বাংলাদেশকেও অসংক্রামক রোগের ব্যপকতার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। দেশে ক্যান্সার, কিডনীজনিত রোগ, হৃদরোগ, ডায়াবেটিস রোগের প্রকোপ বাড়ছে। প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ওপেন হার্ট সার্জারীর সুযোগ সৃষ্টি করার পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি ঘোষণা দেন।

নতুন শিক্ষার্থীদেরকে এমবিবিএস ক্লাস শুরুর আগে নেওয়া শপথের কথা স্মরণ করিয়ে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে রোগীর সেবায় আত্মনিয়োজিত হতে হবে। কারো প্রতি বৈষম্য না দেখিয়ে সেবাদানের মানসিকতা গড়ে তোলাই চিকিৎসকদের মূল লক্ষ্য হওয়া উচিত। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে অবস্থান করে সেবা প্রদানে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, দেশে বড় বড় হাসপাতাল তৈরি করা হয়েছে। কিন্তু গ্রামে যদি চিকিৎসক না থাকে তবে সরকারের সব উদ্যোগ ব্যর্থ হয়ে যাবে।

অনুষ্ঠানে ঢামেক অধ্যক্ষ এমবিবিএস কোর্সের ৭৬ ব্যাচের নতুন শিক্ষার্থীদের শপথ পাঠ করান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।