সারাদেশে সিরিজ বোমা হামলার বিচার সম্পন্ন ও জঙ্গিবাদের পৃষ্টপোষকদের বিচারের আওতায় আনার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আসাদুজ্জামান মিঠুর নেতৃত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লেিগর যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনিরসহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, বিএনপি জোট সরকারের আমলে দেশে জঙ্গিবাদের উত্থান হয়। ২০০৫ সালের ১৭ আগস্ট সরকারের প্রত্যক্ষ মদদে দেশে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। সরকারের নির্লিপ্ততায় ওই ঘটনার বিচার সম্পন্ন হয়নি। একইসাথে জঙ্গিবাদের পৃষ্টপোষকরা আড়াল করে রাখা হয়। এজন্য ওই ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে বিচার সম্পন্ন ও জঙ্গিবাদের পৃষ্টপোষকদের বিচারের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক, নূরে আলম মিলন, ইমামুল কবির, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক, শাহজাদা নেওয়াজসহ প্রমূখ।

