দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক: ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘The Hindu’ বাংলাদেশের একটি নামকরা পত্রিকার সংবাদ উদ্ধৃত করে লিখেছে, ভারতের রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলি দাস বার বার অনুরোধ জানানো সত্ত্বেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চার মাস ধরে দেখা করতে ব্যর্থ হয়েছেন।
বাংলাদেশের ওই পত্রিকার সূত্র ধরে ‘The Hindu’ আরো লিখেছে, ২০১৯ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগ সরকার, ভারতীয় অবকাঠামো প্রকল্পগুলোর গতি হ্রাস করে দিয়ে, চীনের প্রকল্পগুলোকে বেগবান করে দিয়েছে।
ভারতের উদ্বেগ সত্ত্বেও, বাংলাদেশ সিলেটে বিমানবন্দর টার্মিনাল নির্মাণের কাজ চীনের ‘Beijing Urban Construction Group (BUCG)’ কোম্পানিকে দিয়েছে। যে বিমানবন্দরটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সীমান্তে, ভারতের জন্য অত্যন্ত স্পর্শকাতর অঞ্চলে অবস্থিত।
ওই প্রতিবেদনটিতে আরো উল্লেখ করা হয়েছে যে, বিগত ১৫ বছরে এই প্রথম পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ কৃষিপণ্য কিনেছে। তাছাড়া কোভিড-১৯ ইস্যুতে বাংলাদেশের কাছে চীন অগ্রাধিকার পেয়েছে, ভারত উপেক্ষিত হয়েছে।
ভূরাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার, তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর, সুস্পষ্টভাবে চীনের বলয়ে চলে গেছে। চীনের ঘনিষ্ঠতম মিত্র পাকিস্তান চেষ্টা করছে, বাংলাদেশে তাদের পুরনো প্রভাব-প্রতিপত্তি ফিরে পেতে।
বাংলাদেশের তীব্র ভারত-বিরোধী জনমত বেড়ে গেছে; পক্ষান্তরে বাংলাদেশের মানুষ, চীন ও পাকিস্তানের প্রতি যথেষ্ঠ সহানুভূতিশীল। বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ ভারতকে যতটা ঘৃণা করে, ইসরাইল ছাড়া পৃথিবীর অন্য কোন রাষ্ট্রকে অত ঘৃণা করে না।



