লালমনিরহাটের তিনটি পৃথক সীমান্তে পুরুষ, নারী ও শিশুসহ অন্তত ৩৩ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
জেলার পাটগ্রাম, হাতীবান্ধা এবং আদিতমারী সীমান্তের শূন্যরেখায় বর্তমানে তারা অবস্থান করছেন। এ ঘটনায় সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
লালমনিরহাটের তিনটি সীমান্তজুড়ে এখন চরম উত্তেজনা আর উৎকণ্ঠা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কড়া পাহাড়ায় সীমান্তের শূন্যরেখায় আটকে আছেন ৩৩ জন।
স্থানীয় বিজিবি ও সীমান্তবাসী জানায়, শুক্রবার ভোরে পাটগ্রামের পয়ষট্টি বাড়ী সীমান্তে ১০ জন, হাতীবান্ধার বড়খাতা সীমান্তে ১১ জন এবং আদিতমারীর দীঘলটারি সীমান্তে আরও ১২ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ।
তবে বিজিবি জানায়, যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন তারা। এদিকে পয়ষট্টিবাড়ী বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান বলেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।