× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী

রাজধানীতে হোলি উৎসবে কলেজছাত্র খুন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজারে হোলি উৎসবে ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভিক্টোরিয়া পার্কের কাছে কনকর্ড কলেজের গলিতে কয়েক দুর্বৃত্ত রওনক (১৭) নামের এই কলেজছাত্রকে ছুরিকাঘাত করে। দুপুর সোয়া ১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।

কলেজছাত্র রওনক রাজধানীর কামরাঙ্গীরচরের রনি মার্কেট এলাকায় থাকত। সে আজিমপুরের নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল।

এসআই বাচ্চু মিয়া আরো জানান, রওনকের পায়ে ছুরির আঘাত রয়েছে। শরীরেও মারধরের চিহ্ন রয়েছে।

রওনকের বন্ধু মাসুম হাসপাতালে জানায়, হোলি উৎসবে অংশ নিতে বন্ধু-বান্ধবীসহ তারা মোট আটজন পুরান ঢাকার শাঁখারীবাজার এলাকায় যায়। হোলি খেলার পর তারা ভিক্টোরিয়া পার্কের গলি দিয়ে ফিরছিল।

এ সময় ১৫-২০ জন ছেলে রওনককে মারতে মারতে ধরে নিয়ে যাচ্ছিল। কিছুদূর নেওয়ার পর তার ডান পায়ে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায় বলে জানায় মাসুম। সে আরো জানায়, রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‘মেয়েলি একটি ব্যাপার নিয়ে ওই এলাকার কয়েকজনের সঙ্গে রওনকের ঝামেলা চলছিল,’ যোগ করে মাসুম।

ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে আসেন রওনকের মা হেনা বেগম। তিনি বলেন, ‘আজ সকালে রওনক কোচিং সেন্টার থেকে বাসায় ফিরে। তারপর পুরান ঢাকার হোলি উৎসবে যাবে বলে বাসা থেকে বের হয়। এরপর আমি শুনি, তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।’

কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মওদুদ হাওলাদার বলেন, ‘রওনক এসেছিল বন্ধুদের সঙ্গে হোলি খেলতে। তার পরে তাকে ছুরির আঘাত করা হয়েছে। তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে, তা আমরা জানতে পারিনি। তদন্ত চলছে, দ্রুতই আমরা সবকিছু জানতে পারব।’

পরিদর্শক আরো বলেন, প্রথমে রওনককে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..