জলে স্থলে অন্তরীক্ষে দেশের বিজয়কেতনের ভিত গড়েছেন বঙ্গবন্ধু -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জলে স্থলে অন্তরীক্ষে দেশের বিজয়কেতনের ভিত গড়েছেন বঙ্গবন্ধু -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বঙ্গবন্ধুর হাতে বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপনে স্যাটেলাইট প্রযুক্তির সূত্রপাত, আনক্লজের সদস্যপদ গ্রহণের ফলে  ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারের বেশি টেরিটোরিয়াল সমুদ্রসীমায় অধিকার প্রতিষ্ঠা এবং ১৯৭৪ সালের বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তির ফলে ছিটমহল সমাধান হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জলে স্থলে অন্তরীক্ষে দেশের বিজয়কেতনের ভিত রচনা করেছেন। বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ।

মন্ত্রী আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে  বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) আয়োজিত ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে দেশের বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলসমূহের সম্প্রচার শুরুর ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, অনলাইনে যুক্ত ডাক ও টেলিযোগাযোগ সচিব মোঃ আফজাল হোসেন এবং এসোসিয়েশন অভ্‌ টেলিভিশন চ্যানেল ওনার্স (এটকো) সভাপতি অঞ্জন চৌধুরী।

মন্ত্রী বলেন, ২০১৮ সালের ১১ মে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে দেশের প্রথম যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মধ্য দিয়ে বিশ্বে ৫৭তম নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ হয় বাংলাদেশ। টিভি চ্যানেল মালিকদের এই স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার কার্যক্রম পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা সবাই  নিজ দেশের স্যাটেলাইট ব্যবহার করতে পেরে গৌরব অনুভব করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ ও তৃতীয় স্যাটেলাইটের প্রস্তুতি দেশকে অনেক এগিয়ে নেবে।’

মন্ত্রী জব্বার বলেন, দেশে উন্নত প্রযুক্তি ব্যবহারের পথিকৃৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা  সজীব ওয়াজেদ জয় সেই ধারার যুগোপযোগিতা বজায় রেখে দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করছেন, স্যাটেলাইটের অধিকারী করেছেন।

এটকো সভাপতি অঞ্জন চৌধুরী বিএসসিএল এর সাথে টেলিভিশন চ্যানেলগুলোর  সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে বিএসসিএল চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড. শাহজাহান মাহমুদ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পথনকশা বিশেষ করে দেশের স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর মধ্যপ্রাচ্যে সম্প্রচারের বিষয়ে আলোকপাত করেন।

আলোচনা শেষে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।