নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি, আওয়ামী লীগ ঘুরে আবার জাতীয় পার্টিতে (জাপা) ফিরেছেন পিরোজপুর-৩ আসনের এমপি ডা. রুস্তম আলী ফরাজী। তাকে দলে বরণ করে নেন জাপা চেয়ারম্যান হুনেইন মুহম্মদ এরশাদ। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জয়ে উৎফুল্ল জাপা প্রধান বলেন, ভবিষ্যতের সব নির্বাচনেই দেশবাসী লাঙ্গলে আস্থা রাখবে।
শনিবার বনানীতে নিজ কার্যালয়ে এমপি ফরাজীর দলে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। তিনি দাবি করেন, আগামী জাতীয় নির্বাচনে রংপুরের প্রভাব পড়বে। সাধারণ মানুষ সরকার পরিবর্তন চায়।
বিরোধী দলের আসনে বসলেও সরকারে শরিকানা রয়েছে জাতীয় পার্টির। ২০১২ সালে মহাজোটে থাকা জাপাকে রংপুর সিটি নির্বাচনে ছাড় দেয়নি আওয়ামী লীগ। এবারও দুই দল এককভাবে নির্বাচন করেছে। ৯৬, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে বিনিময়ে কিছু পাননি বলে আক্ষেপ করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ।
আওয়ামী লীগের বিরুদ্ধে জাপা ভাঙা ও অঙ্গীকার ভঙ্গের অভিযোগ করে এরশাদ বলেন, ‘আওয়ামী লীগকে বারবার সমর্থন দিলাম। বিনিময়ে কি পেলাম? আনোয়ার হোসেন মঞ্জুকে দিয়ে দল ভাঙ্গার চেষ্টা করা হয়েছে। অঙ্গীকার ভঙ্গ করল।’