পাঠদান মারাত্মকভাবে বিঘ্নিত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এলাকাবাসীর

টাঙ্গাইল থেকে অলক দাস ॥   টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাঁশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩টি শ্রেণিকক্ষ আগুন পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ফলে শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। স্থানীয় বাঁশী যুব সংঘের ঘরে এবং শিক্ষকদের অফিস রুমের মেঝেতে চলছে সীমিত আকারে পাঠদান। পুলিশ তদন্ত করলেও এখনো কাউকে আটক করতে পারেনি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। সেই সাথে তাদের মধ্যে এখনো চরম ক্ষোভ বিদ্যমান তৈরি হয়েছে।

বাঁশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জায়েদা খাতুন জানান, আমাদের বিদ্যালয়ে মোট ২৫১ জন ছাত্রছাত্রী লেখাপড়া করে। সামনেই বার্ষিক ও প্রাথমিক সমাপনী পরীক্ষা। সমস্ত বেঞ্চ ও আসবাবপত্র পুড়ে যাওয়ায় পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আশেপাশের কয়েকটি বিদ্যালয় থেকে কয়েকটি বেঞ্চ এনে অত্যন্ত সীমিত আকারে ক্লাবঘরে ক্লাস নিচ্ছি। এছাড়া কয়েকজন ছাত্রছাত্রীকে আমাদের অফিস রুমের মেঝেতে আজ মঙ্গলবার পড়ানো হয়েছে। বেশির ভাগ ছাত্রছাত্রীদের ক্লাস করানো সম্ভব হয়নি। বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ না থাকায় অনেকেই আসে নাই।

বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি যুবলীগ নেতা আব্দুল জলিল বলেন, ৩টি কক্ষই পুড়ে যাওয়ায় ছাত্রছাত্রীদের পাঠ দান চরমভাবে ব্যাহত হচ্ছে। আমাদের স্থানীয় ক্লাব ঘরে এবং অফিস রুমে কোনোমতে ক্লাস নেয়া হচ্ছে। আমরা এই জঘন্য কাজ যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হাছেন আলী জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই বাঁশী গ্রামের কতিপয় ব্যক্তি বিদ্যালয়ের জায়গা নিজেদের দাবি করে বিভিন্ন সময় বিদ্যালয়ের সম্পদের ক্ষতি করে আসছে। তারা বিদ্যালয়ের নামে মামলাও করেছে। ইতোমধ্যে সন্দেহভাজন কয়েক ব্যক্তিকে এলাকাও দেখা যাচ্ছেনা।

এ ব্যাপারে কালিহাতী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল হক জানান, বিদ্যালয়ের আগুন দেওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আনুমানিক ক্ষতির পরিমাণ ২ লাখ টাকা। দোষীদের শাস্তির বিধানে আমরা আইনের উপর শ্রদ্ধাশীল।

কালিহাতীর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, অভিযোগের বিভিন্ন মতানৈক্য রয়েছে। প্রধান শিক্ষকের জিডির প্রেক্ষিতে বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। আশা করি দ্রুতই প্রকৃত ঘটনা উদঘাটন ও অপরাধীদের শনাক্ত করতে পারব।

উল্লেখ্য গত শনিবার দিবাগত রাতে বাঁশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দুর্বৃত্তরা। আগুনে টিনসেড ৩টি শ্রেণিকক্ষের বেঞ্চ, টেবিল, বেড়া, সিলিং, ব্ল্যাকবোর্ডসহ যাবতীয় কিছু একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। গ্রামবাসী প্রায় ঘন্টাব্যাপী পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। রোববার কালিহাতী থানায় একটি জিডি করেন প্রধান শিক্ষিকা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।