বিশেষ প্রতিবেদকঃ নিজের কাজ নিজে করার মধ্যে সম্মানহানির কিছু নাই। আপনারা যখন ঘর থেকে বের হবেন তখন সুইচটি বন্ধ করে যান।বিদ্যুৎ আমাদের মূল্যবান ও গুরুত্বপূর্ণ সম্পদ, তাই উচিৎ হবে বিদ্যুৎ ব্যবহারে সচেতন ও মিতব্যয়ী হওয়া। আমি যখন ঘর থেকে বের হই তখন নিজের হাতে সুইচ বন্ধ করি। এতে আমার সম্মান যায় না। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (বৃহস্পতিবার) গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়ার ভেড়ামারায় ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এক ওয়াট বিদ্যুৎ উৎপাদনে যে খরচ হয়, আমরা আপনাদের কাছ থেকে সেই দাম নিই না। বিদ্যুৎখাতে আমরা ভতুর্কি দিই। খরচের চেয়ে অনেক কম দামে আপনারা বিদ্যৎ পান। আপনারা যদি সুইচ বন্ধ করে রাখেন তাতে বিদ্যুৎ সাশ্রয় হবে। এতে আপনাদেরই উপকার হবে, দেখবেন মাস শেষে বিদ্যুৎ বিল কম আসছে।
প্রধানমন্ত্রী বলেন, ২১ বছর পর আমরা ক্ষমতায় আসি ৯৬ সালে। এসে দেখি মাত্র ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। আমরা ১৬০০ মেগাওয়াট থেকে বিদ্যুৎ ৪৩০০ মেগাওয়াটে এনেছি। ২০০৯ সালে ক্ষমতায় এসে দেখি ৪৩০০ মেগাওয়াটের বিদ্যুৎ হয়ে গেছে ৩২০০ মেগাওয়াটে।এসময় তিনি আরও ১৫টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ সরবরাহের ঘোষণা দেন। এর মধ্য দিয়ে দেশে মোট ৫১টি উপজেলা বিদ্যুৎ সরবরাহের আওতায় এলো।



