থ্রিডি প্রিন্টারে বাড়ি, সঙ্গে আছে গাড়ি!

যুক্তরাষ্ট্রের টেনেসির ছোট্ট এক গবেষণাগারে একদল গবেষক এবার হাজির হয়েছিলেন ইন্টারন্যাশনাল বিল্ডার্স কনফারেন্সে। ভবন নির্মাণে নিজেদের বিশাল সব অট্টালিকার উপস্থাপন যখন করছিলেন সবাই, তাঁরা উপস্থাপন করলেন ছোট্ট অদ্ভুতুড়ে এক বাড়ি।

দেখতে অনেকটা ট্রেনের বগির মতো, তবে তাতে আধুনিকতার ছোঁয়া। সঙ্গে আবার এক গাড়ি। অনেক বিশেষত্বের একটি হলো, এর সবকিছুই ত্রিমাত্রিক মুদ্রণ প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে।
অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং ইন্টিগ্রেটেড এনার্জি স্ট্রাকচার বা শব্দগুলোর আদ্যক্ষর মিলিয়ে অ্যামি নামের এই প্রকল্পের পেছনে এই গবেষকেরা খরচ করেছেন পাঁচ বছর। ভবন হিসেবে আকারে ছোট হলেও কার্বন ফাইবারে তৈরি কোনো বস্তুর মধ্যে এর আকার অনেক বড়।

সঙ্গে থাকা গাড়িটিও ত্রিমাত্রিক মুদ্রণযন্ত্রে তৈরি। বৈজ্ঞানিক কল্পকাহিনীনির্ভর ছবি দ্য মার্শিয়ান যাঁরা দেখেছেন, তাঁরা জানেন যে ভিন্ন কোনো গ্রহে মানুষের বসবাস কেমন হতে পারে। সেখানে মাথা গোঁজার ঠাঁই যেমন দরকার, তেমনি চলাচলের জন্য দরকার বাহন। তেমনই এক ধারণার ওপর ভিত্তি করে এই ত্রিমাত্রিক বাড়ি তৈরি।

যুক্তরাষ্ট্রের শক্তি বিভাগের ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরি, ইউনিভার্সিটি অব টেনেসির কলেজ অব আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন এবং নির্মাণকৌশল প্রতিষ্ঠান স্কিডমোর, ওয়িংস অ্যান্ড মেরিলের যৌথ প্রচেষ্টার ফসল এই অ্যামি। ছোট ছোট কাজে ত্রিমাত্রিক মুদ্রণ প্রযুক্তির ব্যবহার দিনে দিনে বাড়লেও স্থপতি ও প্রকৌশলীরা ভাবছেন বড় আকারের কিছু তৈরির কথা।

এর আগে এ নিয়ে কাজ যে হয়নি, তা নয়। সেতু তো বটেই, এমনকি পাঁচতলা বাড়ি তৈরির প্রকল্পও হাতে নেওয়া হয়েছিল। তবে এ ধরনের প্রকল্পগুলোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মজবুত কাঠামো তৈরি করা।

রড-সিমেন্টের বাড়িতে অনেক উপাদানের মিশ্রণ থাকে, ত্রিমাত্রিক বাড়িতে সেই সুবিধা নেই। এ ক্ষেত্রে যা করা হয়েছে, আলাদা আলাদা অংশে মুদ্রণ করে সেগুলোকে জোড়া দিয়ে স্থায়িত্ব বাড়ানোর চেষ্টা করা হয়েছে।

এই বাড়ির আরেকটি দিক হলো নিজে থেকে শক্তি উৎপাদন করার ক্ষমতা। এ জন্য সোলার প্যানেল বসানো হয়েছে। শক্তি সঞ্চয়ের জন্য সঙ্গে আছে ব্যাটারি। অন্যদিকে গাড়িটিও শক্তি উৎপন্ন এবং তা সংরক্ষণ করতে পারে। দুটি বস্তুর মধ্যে শক্তি আদান-প্রদানের ব্যবস্থাও আছে।
 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।