সরকারের প্রশাসনের শীর্ষ পর্যায়ে তিন সচিব পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে কৃষি মন্ত্রণালয় থেকে মাত্র ১১ দিন আগে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব পদে বদলি হওয়া রফিকুল আই মোহাম্মদকে আবারও বদলি করা হয়েছে। এবার তাঁকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাৎ শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে। আর ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব রদবদলের কথা জানানো হয়।
আরও পড়ুনঃ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে? দৌড়ে পাঁচ নারী ও তিন পুরুষ
১১ দিনের মাথায় ফের বদলি
এর আগে গত ১০ আগস্ট কৃষি মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে পরিবর্তন আনে সরকার। ওই সময় চুক্তিভিত্তিক নিয়োগে থাকা কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল আই মোহাম্মদকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে বদলি করা হয়েছিল।
আরও পড়ুনঃ মন্ত্রিসভায় প্রথম রদবদল আজ, নতুন দায়িত্বে মঈন খান-পার্থ
একই দিনে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব করা হয়।
অন্যদিকে পৃথক এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের তৎকালীন সচিব খান মো. নূরুল আমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
এর মাত্র ১১ দিন পরই রফিকুল আই মোহাম্মদের দায়িত্বে আবারও পরিবর্তন আনা হলো। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে তিনি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে একসঙ্গে এই রদবদলকে চলমান প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে।




