প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেলেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিসিন ও সার্জারির চিকিৎসক (অবসরপ্রাপ্ত) এবং মুক্তিযোদ্ধা ডা. মো. আলী আজগর (৭০) মারা গেছেন।
মঙ্গলবার বিকেলে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ বুধবার সকালে জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডাক্তার আলী আজগর দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় আলী আহাম্মদ চুনকা পৌর মিলনায়তন ও পাঠাগারের পাশে স্নোভার গার্ডেনের নিচতলায় ইভা মেডিকেল হল নামের চেম্বারে প্রাইভেট প্র্যাকটিস করতেন।
প্রয়াত চিকিৎসক আলী আজগরের ভাগ্নে নাসির আহমেদ আহাদ জানান, করোনার প্রাদুর্ভাবের মধ্যেও তিনি রোগী দেখা বন্ধ করেননি। জীবনের ঝুঁকি নিয়ে নিজ চেম্বারে রোগী দেখতেন। ধারনা করা হচ্ছে রোগী দেখতে গিয়েই তিনি আক্রান্ত হন। ১০-১২ দিন পূর্বে করোনায় আক্রান্ত হওয়ার পরে তিনি নিজ বাড়িতেই আইসোলেশনে ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি মুক্তিযোদ্ধা সংসদ ও নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।
তার মরদেহ সৈয়দপুর এলাকার কবরস্থানে দাফন করা হবে।
‘ডা. মো. আলী আজগরকে নিয়ে করোনায় এখন পর্যন্ত ৪৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া, করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৮ জন চিকিৎসক।’




