হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে চট্টগ্রাম নগরীতে গাড়ি না চালানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।
শনিবার (৬ আগস্ট) সকাল থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
সংগঠনের সভাপতি বেলায়েত হোসেন জানান, জ্বালানি তেলের দাম বেড়েছে। কিন্তু ভাড়া তো বাড়েনি। এই অবস্থায় ভাড়া না বাড়ালে গাড়ির খরচ-বেতন চালানো সম্ভব হবে না। তাই ভাড়া পুনঃনির্ধারণ করতে হবে।
নগরের বিভিন্ন রুটে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের আওতায় প্রায় ৬০০ গণপরিবহন চলাচল করে।
তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে যা ভাড়া আসবে তার সব টাকা পেট্রোল পাম্পে দিয়ে আসতে হবে। এতে করে শ্রমিকের বেতনও হবে না। একই সঙ্গে গাড়ির কিস্তিও হবে না। এ কারণে চট্টগ্রাম নগরীতে গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও অন্যান্য গণপরিবহন চলাচল করছে। তবে গাড়ি চালাতে গিয়ে বিভিন্ন স্থানে বাধা পাচ্ছেন বলে জানিয়েছেন চালকরা।
সকাল থেকে অফিসগামী ও কর্মজীবীরা গণপরিবহন না পেয়ে দুর্ভোগে পড়েছেন। রিকশা, টেম্পো ও মোটরসাইকেল ভাড়া নিয়ে যেতে হচ্ছে গন্তব্যে।
প্রসঙ্গত, শুক্রবার (৫ আগস্ট) রাতে জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে, লিটারপ্রতি ডিজেলের দাম ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, কেরোসিনও লিটারে ৩৪ টাকা দাম বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে। পেট্রোলের দাম লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা ও অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে লিটার প্রতি ১৩৫ টাকা ঘোষণা করা হয়েছে।


