সাধারণ ছুটি আর বাড়াচ্ছে না সরকার তবে গণপরিবহন ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ১৫ জুন পর্যন্ত।
বুধবার (২৭ মে) এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) প্রজ্ঞাপন জারি করা হবে।
তিনি বলেন, ‘ঈদের আগের দিন জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জীবন-জীবিকার কথা বলেছেন। এ পরিস্থিতিতে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী।’
কবে নাগাদ ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘ছুটির মেয়াদ ৩০ মে শেষ হবে। ৩০ মে’র আগেই ছুটি বাড়বে কি না সে সিদ্ধান্ত জানাতে হবে। বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করছি।’
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৩ মার্চ সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। পরে দ্বিতীয় দফায় ১৪ এপ্রিল পর্যন্ত, তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ও চতুর্থ দফায় ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করা হয়। এরপরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় পঞ্চম দফায় ১৬ মে এবং সর্বশেষ ৩০ মে পর্যন্ত ছুটি বৃদ্ধি করে সরকার।
করোনার সংক্রমণ রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি রেল, সড়ক, নৌ ও বিমান যোগাযোগ বন্ধ রেখেছে সরকার।


