বিএনপি-জামায়াতকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেয়া যাবে না। আল্লাহ না করুক, তারা ক্ষমতায় আসলে এই বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে। তবে, রাজনীতির এ খেলায় আগামী নির্বাচনে লাস্ট সিক্স মারবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
২০ মার্চ শহীদমিনারে ১৪ দলের সমাবেশ সফল করতে এ সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন বানচালের জন্য দেশের বিরুদ্ধে নতুন করে গভীর চক্রান্ত শুরু হয়েছে। প্রতিদিন, প্রতিমুহূর্তে তাদের (বিএনপি) কথায় খেয়াল রাখবেন। আজকের পর থেকে আরও বেশি ষড়যন্ত্রে মেতে উঠবে তারা।
তিনি বলেন, নয় মাস বাকি নির্বাচনের। জনগণের রায় আমাদের পক্ষে নিতে হবে। তারা ওই নির্বাচন ভন্ডুল করতে চক্রান্ত করছে। বিএনপির এই চক্রান্ত প্রতিহতে আওয়ামী লীগের জন্য জনগণের শক্তির বিকল্প নেই। জনগণের শক্তি প্রদর্শনের জন্য আমাদের ২০ মার্চের সমাবেশকে গণজমায়েত করে দেখাতে হবে।




