ইসলামের সঠিক শিক্ষা প্রচার ও প্রসারে মডেল মসজিদসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -ধর্ম প্রতিমন্ত্রী

ইসলামের সঠিক শিক্ষা প্রচার ও প্রসারে মডেল মসজিদসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, ইসলামের সঠিক শিক্ষা প্রচার ও প্রসারে মডেল মসজিদসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পবিত্র কোরানের নির্দেশনা ও রাসুলুল্লাহ (সা.) এর দেখানো পথে মানুষকে পরিচালনার জন্য মডেল মসজিদ হতে এলাকার মানুষকে দিক নির্দেশনা প্রদান করা হবে।

প্রতিমন্ত্রী আজ বাদ জুমা ইসলামপুর উপজেলা মডেল মসজিদে (ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র) প্রথম জুমার নামাজের উদ্বোধন উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মুসল্লিদের উদ্দেশে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ইসলামের নামে সন্ত্রাস, জঙ্গিবাদ, ফেৎনা-ফ্যাসাদ সৃষ্টিকারীদের বিষয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে মডেল মসজিদ সঠিক দিক নির্দেশনা প্রদান করবে। তিনি বলেন, সামাজিক অপরাধ
যেমন-মাদকাসক্তি, বাল্যবিবাহ, ইভটিজিং, নারীর প্রতি সহিংসতাসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে মানুষকে সচেতন করতেও মডেল মসজিদসমূহ কাজ করে যাবে। ফরিদুল হক বলেন, মডেল মসজিদসমূহে পুরুষ ও মহিলা মুসল্লিদের নামাজের ব্যবস্থা রয়েছে। এসব মসজিদসমূহে নামাজ আদায়ের পাশাপাশি ইমাম প্রশিক্ষণ, হজযাত্রীদের প্রশিক্ষণ, হিফযখানা, মক্তব শিক্ষা, পাঠাগারের ব্যবস্থা রয়েছে। এখানে উপজেলা পর্যায়ের ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ও থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে সম্পূর্ণ দেশীয় অর্থায়নে নির্মিত এসব মডেল মসজিদসমূহ ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আলোকিত আদর্শ নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যারা উন্নত বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ রুকনোজ্জামান খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের চৌধুরী বাবুল, ইসলামপুর পৌরসভার মেয়র আবদুল কাদের শেখ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (দ্বীনি দাওয়াত) আনিছুর রহমান সরকার, প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোঃ সফিকুর রহমান তালুকদার প্রমুখ।

ইসলামপুরে প্রথম মডেল মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে এলাকার বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। বাদ জুমা দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।