আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের -প্রবাসীকল্যাণ মন্ত্রী

আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের -প্রবাসীকল্যাণ মন্ত্রী

আগামী পাঁচ বছরে বিদেশে এক কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এছাড়া বৈদেশিক শ্রমবাজার সুসংহতকরণ, সম্প্রসারণ এবং সংরক্ষণ করার লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থানের উপযোগী দক্ষ কর্মী গড়ে তোলা ও তাদের ভাষাগত সমস্যা দূরীকরণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসাবে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে।

আজ জাতীয় সংসদ অধিবেশনে তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব তথ্য জানান।

নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলুর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নওগাঁ জেলার সদর উপজেলাসহ সকল উপজেলার বেকার যুবক ও নারী সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর পূর্বক কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে নওগাঁ জেলা সদরের বান্দা বাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং রানীনগর উপজেলায় রানীনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। বর্তমানে এই দু’টি কেন্দ্রে বেকার যুবক ও নারী কর্মীরা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করছেন। আন্তর্জাতিক বাজারের চাহিদার সাথে সংগতিপূর্ণ আইটি, কেয়ার গিভিং ও ড্রাইভিংয়ের মতো আধুনিক ও উচ্চমানের ট্রেডগুলো প্রতিটি সেন্টারে বাস্তবায়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের কম শিক্ষিত নারী-পুরুষ ও বিধবাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা সরকারের রয়েছে। পর্যায়ক্রমে সব এলাকাতেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সংরক্ষিত নারী আসনের সদস্য নীলুফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রবাসীদের কল্যাণে দেশের তিনটি বিমানবন্দরে স্থাপিত প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে বিদেশগামী ও প্রত্যাবর্তনকারী কর্মীদের লাগেজ র‍্যাপিং, লাগেজ প্রাপ্তি, সঠিক কাগজ প্রিন্ট, ফটোকপি, সত্যায়ন, ইমিগ্রেশন ও কাস্টমস সংক্রান্ত কার্যাদিতে সহায়তা করা হচ্ছে। এছাড়া প্রবাসীদের জন্য ফ্রি ওয়াই-ফাই, টেলিভিশন, সংবাদপত্র ও ফ্রি টেলিফোন সুবিধাসহ ৩০ শতাংশ ডিসকাউন্টে প্রবাসী ক্যাফেতে সুলভ মূল্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে।

বিদেশে মৃত্যুবরণকারী কর্মীদের বিষয়ে মন্ত্রী বলেন, এই সরকারের সময়েই রাষ্ট্রীয় খরচে শুধু মরদেহ দেশে আনা নয়, মরদেহ বাড়িতে পৌঁছানোসহ দাফন-কাফনের সব খরচ সম্পন্ন করা হচ্ছে, যা বাংলাদেশে প্রথম। প্রবাসীদের ই-পাসপোর্ট সহজীকরণ এবং নারী কর্মীদের সুরক্ষা ও সম্মান নিশ্চিত করতে প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষ কর্মী হিসেবে তাদের তৈরি করা হচ্ছে।

সংরক্ষিত আসনের অপর সদস্য মোসাম্মাৎ নাজমুন্নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিভিন্ন দেশের কারাগারে থাকা প্রবাসী শ্রমিকদের দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করে ইতোমধ্যে অনেককে ফিরিয়ে আনা হয়েছে। এই ধরনের যেকোনো সঠিক তথ্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নির্দিষ্ট ইমেইলে প্রদান করলে রাষ্ট্রদূতদের সাথে কথা বলে দ্রুত তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।