অগ্নিনির্বাপণে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিতকল্পে ফায়ার সার্ভিস ও ওয়াসার সমঝোতা স্বাক্ষর

অগ্নিনির্বাপণে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিতকল্পে ফায়ার সার্ভিস ও ওয়াসার সমঝোতা স্বাক্ষর

ঢাকায় অগ্নিনির্বাপণে পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করতে ঢাকা ওয়াসার সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

আজ ২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১-০০টায় ঢাকার কারওয়ানবাজারের ওয়াসা কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। ফায়ার সার্ভিসের পক্ষে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল জিল্লুর রহমান, পিএসসি এবং ঢাকা ওয়াসার পক্ষে প্রধান প্রকৌশলী মোঃ কামরুল হাসান চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ফায়ার সার্ভিস অধিদপ্তরের সহকারী পরিচালক (অপারেশন) মোঃ আব্দুল হালিম এবং ঢাকার সহকারী পরিচালক মোঃ ছালেহ্‌ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকার চকবাজার এলাকার ভয়াবহ অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও মোকাবেলার সমস্যা সমাধানকল্পে সুপারিশমালা প্রণয়নের লক্ষ্যে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ড. মোঃ শামসুল আরেফিন-এর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সিদ্ধান্তের ধারাবাহিকতায় অগ্নিনির্বাপণে পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং ঢাকা ওয়াসার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের এই উদ্যোগ গ্রহণ করা হয়।

স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এখন থেকে কোথাও অগ্নি দুর্ঘটনা সংঘটিত হলে ফায়ার সার্ভিসের চাহিদা অনুযায়ী ঢাকা ওয়াসা সংশ্লিষ্ট মডস জোন থেকে পানিভর্তি লরি পাঠাবে দুর্ঘটনাস্থলে। অগ্নিনির্বাপণ সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের পানি সরবরাহ অব্যাহত থাকবে। এতে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ কর্মীদের পানির স্বল্পতা সংক্রান্ত সমস্যা নিয়ে মূল্যবান সময় নষ্ট করতে হবে না। দ্রুত অগ্নিনির্বাপণ করার ক্ষেত্রে এটি একটি কার্যকর উদ্যোগ এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে বলে মত পোষণ করে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। খবর বিজ্ঞপ্তির।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।