রাজধানীর গাবতলী থেকে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পরিচয়ে ৩৮ ভরি সোনা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকালে গাবতলী বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করেছে ভুক্তভোগী টিটু প্রধানীয়।
দারুস সালাম থানায় করা মামলা সূত্রে জানা যায়, টিটু পুরাতন ঢাকার তাঁতীবাজার থেকে ৩৮ ভরি ১৪ আনা পরিমাণের স্বর্ণ নিয়ে টাঙ্গাইল যাচ্ছিলেন। গাবতলী বাসের জন্য অপেক্ষা করছিলেন টিটু। এ সময় ডিবি পরিচয় দেয়া এক ব্যক্তি তার নামসহ সকল ঠিকানা জেনে নেন। পরে তার কাছ থেকে কয়েকজন এসে ব্যাগ ছিনিয়ে নেন। টিটুকে তারা গড়িতে তুলে নিয়ে যান।
সিএনজিতে ঢাকার কয়েকটি এলাকায় ঘুরিয়ে টিটুকে গাড়িতে রেখেই তারা নেমে যান।
টিটু স্বর্ণালংকার গুলো বিভিন্ন দোকানে পৌঁছে দিতেই টাঙ্গাইল যাচ্ছিলেন। এ ঘটনায় টিটু বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছেন দারুস সালাম থানায়।
মামলার কথা স্বীকার করে মিরপুর পুলিশের উপকমিশনার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, ডিবি পরিচয় দিয়ে সোনা ছিনতাইকারীদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।



