সাবেক প্রধানমন্ত্রী ডিভিশন পাবেন এটি জেল কোডের কোথাও নেই

বিশেষ প্রতিবেদকঃ  জেলকোডে সাবেক প্রেসিডেন্টের ডিভিশন পাওয়ার কথা উল্লেখ আছে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর কথা নেই। সাবেক প্রধানমন্ত্রী ডিভিশন পাবেন এটি জেল কোডের কোথাও নেই। খালেদা জিয়ার ডিভিশন আবেদন প্রসঙ্গে বললেন কারা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

আজ রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, রায়ের কপি এখনও হাতে আসেনি। তাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাধারণ বন্দির মতো রাখা হয়েছে।  কারাগার থেকেই খালেদা জিয়াকে খাবার সরবরাহ করা হচ্ছে। বাইরের শুষ্ক খাবার খালেদা জিয়ার জন্য গ্রহণ করা হবে। এছাড়া বাইরের অন্য কোনো খাবার তাকে দেয়া যাবে না।

এর আগে রোববার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিশেষ জজ-৫ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান রোববার আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেন। এ বিষয়ে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

আইজি প্রিজন্স বলেন, কারাগার থেকেই খালেদা জিয়াকে খাবার সরবরাহ করা হচ্ছে। খালেদা জিয়ার জন্য ব্যক্তিগত কোনো সেবিকা রাখা হয়নি। তার চিকিৎসার জন্য একজন নার্স রাখা হয়েছে।

খালেদা জিয়া এখন রাজধানীর নাজিমুদ্দিন রোডের সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। গতকাল শনিবার খালেদা জিয়ার সঙ্গে তার পাঁচজন আইনজীবী কারাগারে দেখা করেন।

গেলো বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজধানীর বকশীবাজারের কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে খালেদা জিয়া ছাড়া বাকি আসামিদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।