সরকার বিশ্বকে দেখাতে চাচ্ছে তারা মুসলিমবিরোধী : রিজভী

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের সীমান্তে তারা (রোহিঙ্গা) আশ্রয় নিচ্ছে। তাদের প্রতি আন্তর্জাতিক যে সাহায্য ছিল, সেই সাহায্য বাংলাদেশ সরকার দিচ্ছে না। আজকে বাংলাদেশ সরকার বিশ্বকে দেখাতে চাচ্ছে তারা মুসলিমবিরোধী’

মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে ‘অপরাজেয় বাংলাদেশ’ নামে একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজকে কোথায় মানবাধিকারকর্মীরা? রোহিঙ্গা ইস্যুতে দেখলাম না তো তাদের কথা বলতে? এই যে জাতিগতভাবে নির্মূল, যে অন্যায় অভিযান তাদের বিরুদ্ধে তা নিয়ে আন্তর্জাতিক কোনো পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে না।

রিজভী বলেন, রোহিঙ্গারা মৃত্যুযন্ত্রণায় ছটফট করছে, একটা জাতিকে আজ নির্মূল করা হচ্ছে। কিন্তু সরকার নির্বিকার, পাশবিকভাবে তাদের এই মৃত্যু দেখছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা সরকারকে আহ্বান জানাই, মিয়ানমার সরকারের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করে রোহিঙ্গাদের নিরাপদে তাদের দেশে পৌঁছে দেওয়া হোক।

রিজভী আরো বলেন, ‘আজকে প্রধান বিচারপতির জন্য কাঠগড়া তৈরি করছেন? যে জনতার কাঠগড়ার কথা বলছেন, সেই জনগণ তো আপনার পক্ষে নেই। আপনি তো জনগণকে আগেই তালাক দিয়েছেন। আপনার জনগণ হচ্ছে ছাত্রলীগ, আইন প্রশাসন। যারা গুম করছে, হত্যা করছে, তাদের আদালতে প্রধান বিচারপতির বিচার করবেন?’

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান ফরিদা মনি শহীদ উল্লাহ, এম জাহাঙ্গীর আলম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সেলিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ, খালেদা ইয়াসমিন, বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির, জিনাপের সভাপতি মিয়া মো. আনোয়ার, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হান্নান, কৃষক দলনেতা শাহজাহান মিয়া সম্রাট, ওলামা দলের নেতা শাহ মাসুম বিল্লাহ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।