গণতন্ত্রের কথা বলে বিএনপি যদি ২০১৮ সালকে ২০১৪ সাল মনে করে, তাহলে তারা মারাত্মক ভুল করবে। এবার যদি সন্ত্রাস ও সহিংসতা হয়, তাহলে দেশের মানুষই তা প্রতিরোধ করবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে আলোকবাতি উদ্বোধন করার পর তিনি এসব কথা বলেন।
কাদের আরও বলেন, সড়কে শৃঙ্খলা ও মানুষের মৃত্যুর মিছিল বন্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাবার পর বাস্তবসম্মত পদক্ষেপ নেয়া হবে। অন্য যেকোনও সময়ের থেকে এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কম হয়েছে বলেও মন্ত্রী দাবি করেন। তবে মৃত্যুর হার অনেক বেশি।
এসময় মন্ত্রীর সঙ্গে সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




