× Banner

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সংবাদ প্রকাশে তোলপাড়; অবৈধ রাজপ্রাসাদ বাঁচাতে প্রভাবশালীদের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
দৌড়ঝাঁপ

খুলনার পাইকগাছায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি সম্পত্তি ও নদী গ্রাস করে বিলাসবহুল ‘রাজপ্রাসাদ’নির্মাণের খবরটি গণমাধ্যমে প্রকাশিত হলে উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
উপজেলার লতা ইউনিয়নে ৫৫.৮৯ একরের উলুবুনিয়া নদীর গতিপথ রুদ্ধ করে এবং সরকারি অর্পিত (ভিপি) সম্পত্তি দখল করে ইউপি সদস্য কুমারেশ মন্ডল ও তার ভাই প্রশান্ত মন্ডলের আলিশান বাগানবাড়ি গড়ে তোলার প্রতিবেদনটি প্রকাশ্যে আসতেই যেন কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর উপক্রম হয়েছে। নিজেদের অবৈধ সাম্রাজ্য রক্ষা করতে এবং আইনের সুদীর্ঘ হাত থেকে বাঁচতে এই দখলদার চক্রটি এখন পুরোপুরি দিশেহারা।
প্রশাসন ও উচ্ছেদ অভিযানের হাত থেকে নিজেদের বিলাসবহুল অট্টালিকা অক্ষত রাখতে তারা এখন স্থানীয় শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা ও বিভিন্ন দপ্তরের প্রভাবশালীদের দ্বারে দ্বারে ধর্না দিচ্ছে। ফলে সচেতন মহলে এখন একটাই প্রশ্ন দেশের আইনের শাসনের চেয়েও কি এই নদী দখল সিন্ডিকেটের নেপথ্যের খুঁটির জোর বেশি শক্তিশালী?
ভূমি প্রশাসনের সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী, ডিসিআর (বার্ষিক বন্দোবস্ত) প্রাপ্ত সরকারি জমি কোনো অবস্থাতেই হস্তান্তর, বিক্রি কিংবা সাব-লিজ দেওয়া সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। অথচ ক্ষমতার দম্ভে সেই আইনি বিধিমালাকে প্রকাশ্যেই পদদলিত করে প্রায় ৯ বিঘা সরকারি জমি নিজেদের কবজায় রেখে রাজকীয় প্রাসাদ গড়ে তুলেছে এই সিন্ডিকেট।
সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, গণমাধ্যমকর্মীরা যখন এই জমির বৈধ মালিকানার নথিপত্র দেখতে চান, তখন অভিযুক্তরা এক অদ্ভুত ও হাস্যকর অজুহাত দাঁড় করান। তাদের দাবি, গত ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের সময় এক অগ্নিকাণ্ডে নাকি তাদের সব নথিপত্র ভস্মীভূত হয়ে গেছে।
তবে সর্বস্তরের মানুষের সরল প্রশ্ন— কাগজপত্র না হয় পুড়েই গেছে, কিন্তু নদীর বুক চিরে দাঁড়িয়ে থাকা ওই আলিশান অট্টালিকা কিংবা শামুকপোতা বাজারের বহুতল বাণিজ্যিক ভবন তো আর অদৃশ্য হয়ে যায়নি। ওগুলো কার অনুমতিতে এবং কোন আইনের বলে নির্মিত হলো, তার কোনো সদুত্তর অভিযুক্তদের কাছে নেই।
এদিকে নদী ও সরকারি সম্পত্তি গ্রাসের এই চাঞ্চল্যকর তথ্য জনসমক্ষে আসতেই লতা ইউনিয়নসহ গোটা পাইকগাছা উপজেলায় তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। অকাট্য তথ্য-প্রমাণের সামনে দাঁড়িয়ে এখন চরম দিকবিদিকহীন হয়ে পড়েছেন অভিযুক্ত কুমারেশ মেম্বার ও তার সহোদর।
নিজেদের অপরাধ ঢাকতে এবং সম্ভাব্য আইনি অ্যাকশন থেকে রেহাই পেতে তারা এখন স্থানীয় প্রভাবশালী নেতাদের ড্রয়িংরুমে মধ্যরাতের গোপন বৈঠক ও জোর লবিং চালাচ্ছেন বলে সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা গভীর ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, বিগত সরকারের আমলে এরা দীর্ঘ ১৭ বছর ধরে অন্ধ রাজনৈতিক দাপট দেখিয়েছে। ক্ষমতার হাতবদল হলেও এই চক্রের মজ্জাগত স্বভাব বদলায়নি, বরং এখন তারা রাতারাতি নতুন কিছু সুবিধাবাদী নেতাকে ম্যানেজ করে পার পাওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
সাধারণ মানুষ এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে, প্রদর্শনীর জন্য থাকা স্থানীয় প্রশাসন ও আইন এই পকেটভারী করা নেতাদের কথায় চলে, নাকি দেশের প্রচলিত আইনের মর্যাদা রক্ষা করে।
পাইকগাছাবাসীর এখন একটাই জোরালো দাবি—কোনো রাজনৈতিক লবিং, অর্থের ছড়াছড়ি কিংবা তথাকথিত কোনো গডফাদারের অদৃশ্য ইশারা যেন দেশের পবিত্র আইনের চেয়ে বড় হয়ে না ওঠে। অতি দ্রুত একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে উলুবুনিয়া নদীর প্রকৃত সীমানা পুনর্নির্ধারণ করা হোক।
একই সাথে শামুকপোতা বাজারের অবৈধ বাণিজ্যিক ভবন ও ডিসিআর জমির নেপথ্যে থাকা কুশীলবদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হোক। অপরাধীদের কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশাসনকে প্রমাণ করতে হবে যে, আইন এখনো নিজস্ব গতিতে চলে এবং অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, পার পাওয়ার কোনো চোরাগলি নেই।
এই জঘন্য ভূমি ও নদী দখলের ঘটনায় দেশের পরিবেশ আইন ও উচ্চ আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা চরমভাবে লঙ্ঘিত হয়েছে। বাংলাদেশের পরিবেশ আইন অনুযায়ী, নদী বা প্রাকৃতিক জলাশয় ভরাট দখল করা একটি মারাত্মক, অ-জামিনযোগ্য এবং শাস্তিমূলক অপরাধ। প্রকাশ্য দিবালোকে যারা একটি জীবন্ত নদীকে গলা টিপে হত্যা করে নিজেদের বিলাসিতার চারণভূমি বানায়, তারা সমাজ ও পরিবেশের পরম শত্রু।
আইনগতভাবে সরকারি সম্পত্তি বা নদী দখল করার কোনো সুযোগ নেই বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যে কঠোর অবস্থান ও তদন্তের আশ্বাস দিয়েছেন, তাকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। তবে শুধু আশ্বাসের বৃত্তে সীমাবদ্ধ না থেকে, এখন তদন্তের দ্রুত বাস্তব রূপ ও উচ্ছেদ অভিযান স্বচক্ষে দেখতে উন্মুখ হয়ে আছে ভুক্তভোগী জনতা।


এ ক্যটাগরির আরো খবর..