মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়নের ১৫৮ নং চর আলিপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন রাজনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টার দিকে কালকিনি উপজেলার সাধারণ শিক্ষকবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে ঘটনার এক সপ্তাহ পার হলেও এক পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি। এ নিয়ে শিক্ষক সমাজের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত আসামীদের গ্রেফতারের দাবী জানান।
আহত রাজন শিকদার কালকিনি উপজেলার ১৫৮নং চর আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কালকিনি পৌরসভার দক্ষিণ রাজদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ শিকদারের ছেলে।
মানববন্ধনে উপস্থিত শিক্ষক নেতারা জানান, ইমাম হোসেন রাজনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনানুগ শাস্তি নিশ্চিত করতে হবে। যদি না করা হয় তাহলে শিক্ষক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
এসময় তারা আরো জানান, উপজেলার সকল শিক্ষকদের নিরাপত্তা নিশ্চত করতে হবে। যাতে তারা বিদ্যালয়ে নির্বিঘে পাঠদান করতে পারেন। এই ঘটনার সাথে যদি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিপি বেগম জড়িত থাকেন তাকেও আইনের আওতায় আনতে হবে।
এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস শিকদার, সহকারী শিক্ষক জসিমউদ্দিন, মেহেদী হাসান, কাশেমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল বেগম, ডায়না, শামীমাসহ কালকিনি ও ডাসার উপজেলার সহকারী শিক্ষকবৃন্দ।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, শিক্ষকের ওপর হামলার ঘটনায় দোষিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মানববন্ধন শেষে শিক্ষকবৃন্দরা কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন এর স্মারকলিপি দেয়।
উল্লেখ্য, গত ২ জুলাই বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে একই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিপি বেগমের ভাই মিলন মোল্লাসহ তার সহযোগীরা শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর স্কুলের পাশে খেয়া ঘাটের বসে বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালান। এতে করে রাজনের পা ভেঙ্গে যায়।
তিনি ঢাকায় চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে কালকিনি থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।