দেবব্রত সরকার, নওগাঁঃ নওগাঁর মহাদেবপুরে স্থানীয় চেয়ারম্যান কর্তৃক স্কুলের প্রধান শিক্ষিকা লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নের ৫৬ নং কাদিয়াল নাডরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা শিল্পী রানী মৈত্র কে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের চেয়ারম্যান মো: মঞ্জুর আলম মঞ্জুর বিরুদ্ধে।
শিল্পী রানী মৈত্র জানান, বিদ্যালয়ে পরিচালনা কমিটির এসএপি নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৮ সেপ্টেম্বর ২০১৬। উক্ত নির্বাচনে অভিযুক্ত মঞ্জুর আলমের মনোনীত প্রার্থীকে বিজয়ী করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। নির্বাচনে চেয়ারম্যানের মনোনীত প্রার্থী পরাজয়ের কারণে শিল্পী রানীকে নানা রকম ভয় ভীতি ও হুমকি প্রদান করেন।
গত ১২ সেপ্টেম্বর আনুমানিক দুপুর ১ টায় রাইগা বাজারের রওসন মেডিক্যাল স্টোরের সামনে চেয়ারম্যান তার পথ অবরোধ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এসময় শিল্পী রানী চেয়ারম্যান সাহেবকে গালিগালাজ করতে নিষেধ করায় চেয়ারম্যান আরো ক্ষিপ্ত হয়ে উঠেন এবং এক পর্যায়ে শিল্পী রানীকে কিল ঘুষি মারতে থাকেন। শিল্পী রানী আরো জানান এসময় তার সাথে থাকা তার স্বামী মো: রাশেদুল তাকে বাচাঁতে এগিয়ে এলে চেয়ারম্যানের সাথে থাকা একই উপজেলার খলিশাপুর গ্রামের মো: আবু মোসা তার স্বামীকে মারধোর করে আহত করেন।
এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করলে তিনি মানব বন্ধন ও আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন বলে শিল্পী রানী জানান। শিল্পী রানী আরো জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা নিতে তালবাহানা করায় এখন সেখানে মামলা দায়ের করা সম্ভব হয় নাই।
এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান মো: মঞ্জুর আলমের বক্তব্য গ্রহণ করতে গেলে তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না। তবে এ বিষয়ে থানায় খবর নিতে গেলে জানা যায়, সেখানে কোন অভিযোগ দায়ের করা হয় নাই।


